সম্পত্তি হস্তান্তর ও মানবাধিকার কমিশন বিল সংশোধনের সুপারিশ

সম্পত্তি হস্তান্তর ও মানবাধিকার কমিশন বিল সংশোধনের সুপারিশ

ফন্ট সাইজ:

‘ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল- ২০২৬’ এবং ‘জাতীয় মানবাধিকার কমিশন বিল-২০২৬’ পর্যালোচনা করে সংশোধিত আকারে জাতীয় সংসদে পাসের সুপারিশ করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। রোববার জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে বিল দু’টি নিয়ে বিস্তারিত আলোচনা ও যাচাই-বাছাই শেষে এ সুপারিশ করা হয়। বৈঠকে ‘ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল-২০২৬’ এবং ‘জাতীয় মানবাধিকার কমিশন বিল-২০২৬’ এর বিভিন্ন ধারা নিয়ে আলোচনা হয়। সংশ্লিষ্ট বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনার পর প্রয়োজনীয় সংশোধন সাপেক্ষে বিল দু’টি সংসদে পাসের জন্য সুপারিশ করা হয়।

এ ছাড়া, বৈঠকে বিলের বিভিন্ন দিক, সংশ্লিষ্ট বিধান এবং এর বাস্তবায়ন সংক্রান্ত বিষয় নিয়ে সদস্যরা মতামত দেন। বৈঠক সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মুহাম্মদ নওশাদ জমির। এতে অংশ নেন- কমিটির সদস্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আসাদুজ্জামান, এমরান আহমদ চৌধুরী, সাকিলা ফারজানা, মো. মনজুরুল ইসলাম, মোহাম্মদ নাজিবুর রহমান এবং আলফারুক আব্দুল লতীফ প্রমুখ।
বৈঠকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়াও বৈঠকে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।