রংপুরের গঙ্গাচড়ায় প্যারাগন এগ্রো অ্যান্ড ডেইরি লিমিটেড-এর ডেইরি ফার্ম পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। এর পাশাপাশি তিনি ঐতিহ্যবাহী তেলের ঘানি ঘুরে দেখেন। গতকাল সকালে উপজেলার বেতগাড়ী ইউনিয়নের খাপরিখাল এলাকায় প্যারাগন ডেইরি ফার্ম পরিদর্শন শেষে চন্দনের হাটে গিয়ে স্থানীয়ভাবে সরিষায় তেল উৎপাদনের ঐতিহ্যবাহী পদ্ধতি ঘানি ঘুরে দেখেন। তেলের ঘানি দেখে রাষ্ট্রদূত বলেন, ঘানিভাঙা সরিষার তেল! সরিষার তেল তৈরির ঐতিহ্যবাহী পদ্ধতি এখনো সুন্দরভাবে টিকে আছে দেখে ভালো লাগলো।
এরআগে, প্যারাগন ডেইরি ফার্মে পৌঁছান মার্কিন রাষ্ট্রদূত। সেখানে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা উন্নতজাতের প্রায় ১ হাজার ২০০ গরুর পালন কার্যক্রম ঘুরে দেখেন। গাভীর পরিচর্যা, খাদ্য ব্যবস্থাপনা, দুধ উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ এবং উন্নতজাতের গরুর প্রজনন কার্যক্রম সম্পর্কে কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। প্যারাগন ডেইরির কর্মকর্তারা জানান, গাভীর দুধ উৎপাদন বাড়াতে উন্নত পুষ্টির বিষয়টিকে গুরুত্ব দেয়া হচ্ছে। খামারে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা সয়াবিন ও ভুট্টাসহ উন্নতমানের পশুখাদ্য উপকরণ ব্যবহার করা হচ্ছে। আমেরিকান জেনেটিক্সের মাধ্যমে উন্নত জাতের গরু পালনের কার্যক্রমও চলছে। রাষ্ট্রদূত বলেন, উন্নত জেনেটিক্স ও মানসম্মত পশুখাদ্য বাংলাদেশের প্রাণিসম্পদের উৎপাদনশীলতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের কৃষক ও রপ্তানিকারকদের জন্যও এসব কৃষিপণ্য নতুন বাজারের সুযোগ তৈরি করছে। প্যারাগন এগ্রো অ্যান্ড ডেইরি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান ও এজিএম মেজবাহ উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা খামারের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন। এ সময় খামারের অবকাঠামো, ব্যবস্থাপনা, পশুখাদ্য, দুধ উৎপাদন এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। পরে খামারে উৎপাদিত দুধ পান করেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
এরপর চন্দনের হাটে গিয়ে স্থানীয় ঐতিহ্যবাহী তেলের ঘানি পরিদর্শন করেন মার্কিন রাষ্ট্রদূত। ঘানিতে সরিষা থেকে তেল উৎপাদনের প্রক্রিয়া সম্পর্কে জানতে চান এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন। স্থানীয়ভাবে প্রচলিত ঐতিহ্যবাহী পদ্ধতি দেখে আগ্রহ প্রকাশ করেন তিনি। রাষ্ট্রদূতের সফরসঙ্গী হিসেবে ছিলেন তার স্ত্রী ডিয়েন ডাও, মার্কিন দূতাবাসের কর্মকর্তা নিকোল ক্লারিসা বেসনার্ড, সৈয়দ ফাইজুস সালেহিন ও রাজনৈতিক বিশেষজ্ঞ ফিরোজ আহমেদ। এ সময় রংপুর বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডা. মো. আব্দুল হাই সরকার, রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান, গঙ্গাচড়া মডেল থানার ওসি আব্দুস ছবুর, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন। পরে সকাল ১১টার দিকে লালমনিরহাটের তিস্তা ব্যারাজ পরিদর্শনের উদ্দেশ্যে গঙ্গাচড়া ত্যাগ করেন মার্কিন রাষ্ট্রদূত।
