নেপালে ৩৬ লাখ ডলার সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

নেপালে ৩৬ লাখ ডলার সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

ফন্ট সাইজ:

নেপালে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ৩৬ লাখ (৩.৬ মিলিয়ন) ডলারের বেশি মানবিক সহায়তা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। এই সহায়তার আওতায় সর্বোচ্চ ১০ হাজার বন্যাকবলিত পরিবারকে তিন মাস পর্যন্ত জরুরি খাদ্য সহায়তা দেয়া হবে। কাঠমান্ডুতে মার্কিন দূতাবাস জানিয়েছে, বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে সহায়তা পৌঁছে দিতে তারা নেপাল সরকার ও বিভিন্ন মানবিক সংস্থার সঙ্গে কাজ করছে। এর আগে নেপাল সরকারের অনুরোধ করা ত্রাণসামগ্রী বন্যাকবলিত এলাকায় পৌঁছে দেয়ার কাজ শুরু করে দূতাবাস।

এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। দূতাবাস এক্সে দেয়া এক পোস্টে বলেছে, আমেরিকান নাগরিকদের নিরাপত্তার চেয়ে আমাদের কাছে বড় কোনো অগ্রাধিকার নেই। নেপাল ও চীনে আমাদের দূতাবাসগুলো মার্কিন নাগরিকদের সহায়তা এবং দুর্যোগ মোকাবিলার কার্যক্রমে ঘনিষ্ঠভাবে কাজ করছে। পোস্টে আরও বলা হয়, নেপালের জনগণের পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র। আমরা ৩৬ লাখ ডলারের বেশি জীবনরক্ষাকারী মানবিক সহায়তা দিচ্ছি, যার মধ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত সর্বোচ্চ ১০ হাজার পরিবারকে তিন মাস পর্যন্ত জরুরি খাদ্য সহায়তা অন্তর্ভুক্ত রয়েছে।

দূতাবাস জানায়, মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স স্কট আরবম ২৮শে আগস্ট যুক্তরাষ্ট্র থেকে নেপালে জরুরি ত্রাণসামগ্রীর প্রথম চালান পাঠান। এর এক দিন আগে থেকেই নেপাল সরকারের অনুরোধ করা ত্রাণসামগ্রী দুর্গত জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেয়ার কাজ শুরু করে দূতাবাস।