সুইজারল্যান্ডের আরাউ শহরে একটি রেভ পার্টিতে (ইলেকট্রনিক গানের উৎসব) গুলিবর্ষণের ঘটনায় এক নারী নিহত হয়েছেন। এতে আরো পাঁচজন আহত হন। রোববার স্থানীয় পুলিশ জানায়, ভোররাতে অনুষ্ঠানস্থল ঘোড়দৌড়ের মাঠে একাধিক গুলি ছোড়া হয়। ওই সময় সেখানে প্রায় সাড়ে তিন হাজার মানুষ উপস্থিত ছিলেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
পুলিশ জানিয়েছে, হামলাকারীদের পরিচয় এখনো জানা যায়নি। তাদের ধরতে আরাউ ও আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি শুরু হয়েছে। ঘটনাস্থল ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশের মুখপাত্র ভেনেসা রুমপোল্ড জানান, বিপুলসংখ্যক মানুষের ভিড়ের মধ্যেই কয়েক দফা গুলি ছোড়া হয়। প্রত্যক্ষদর্শীরাও পরপর গুলির শব্দ শোনার কথা জানিয়েছেন।
ঘটনার কারণ এখনো স্পষ্ট নয়। সুইজারল্যান্ডে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্রের মালিকানা তুলনামূলকভাবে বেশি হলেও এ ধরনের সহিংস গুলিবর্ষণের ঘটনা বিরল।
