পতেঙ্গায় কন্টেইনার টার্মিনালের ভিত্তিপ্রস্তর আজ

ফন্ট সাইজ:

চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নের লক্ষ্যে পতেঙ্গায় নির্মিতব্য লালদিয়া কন্টেইনার টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে আজ (রোববার)। সকাল ১১টায় পতেঙ্গার লালদিয়া প্রজেক্ট সাইটে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন নৌ-পরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। শনিবার নৌ-পরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেনমার্কের সহযোগিতায় লালদিয়া কন্টেইনার টার্মিনালের নির্মাণকাজ শুরু হচ্ছে। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নের পাশাপাশি দেশের বৈদেশিক বাণিজ্য আরও গতিশীল করার লক্ষ্যেই প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের বড় একটি অংশ চট্টগ্রাম বন্দরের মাধ্যমে পরিচালিত হয়। বৈদেশিক বাণিজ্যের পরিমাণ বাড়ার সঙ্গে সঙ্গে বন্দরের কন্টেইনার হ্যান্ডলিং সক্ষমতা বৃদ্ধি, জাহাজ ও পণ্য ব্যবস্থাপনায় গতি আনা এবং আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করার প্রয়োজনীয়তাও বাড়ছে।

মন্ত্রণালয় জানায়, লালদিয়া কন্টেইনার টার্মিনাল চালু হলে চট্টগ্রাম বন্দরের বিদ্যমান অবকাঠামোর ওপর চাপ কমবে। একইসঙ্গে কন্টেইনার পরিবহন ও হ্যান্ডলিং সক্ষমতা বাড়বে। আধুনিক অবকাঠামো ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার মাধ্যমে টার্মিনালটি পরিচালনার পরিকল্পনা রয়েছে। নতুন টার্মিনাল চালুর ফলে বন্দরের কার্যক্রম আরও দক্ষ ও গতিশীল হওয়ার পাশাপাশি আমদানি-রপ্তানি পণ্য পরিবহনে সময় কমবে। বাড়বে লজিস্টিকস ব্যবস্থাপনার সক্ষমতাও।

এর মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের প্রতিযোগিতামূলক অবস্থান আরও শক্তিশালী হবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।
লালদিয়া কন্টেইনার টার্মিনালকে দেশের বন্দর অবকাঠামো আধুনিকায়নের চলমান উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছে নৌ-পরিবহন মন্ত্রণালয়। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তা, সংশ্লিষ্ট দেশি-বিদেশি প্রতিষ্ঠান, ব্যবসায়ী নেতা ও গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকার কথা রয়েছে।