জিম্বাবুয়েতে মিনিবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২৭

জিম্বাবুয়েতে মিনিবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২৭

ফন্ট সাইজ:

জিম্বাবুয়েতে একটি মিনিবাস ট্যাক্সি ও ভারী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার রাতে দেশটির রাজধানী হারারে থেকে ১৩২ কিলোমিটার দক্ষিণে চিভহু শহরের একটি প্রধান মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ খবর দিয়েছে এপি।

পুলিশের মুখপাত্র পল নিয়াথি শনিবার এক বিবৃতিতে জানান, ঘাতক ট্রাকটি অন্য একটি গাড়িকে ওভারটেক করার চেষ্টা করার সময় সাদা রঙের পোশাক পরা স্থানীয় একটি আফ্রিকান খ্রিষ্টান সম্প্রদায়ের অনুসারীদের বহনকারী মিনিবাসটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জেডবিসি নিউজ জানিয়েছে, ঘটনাস্থলেই ২৩ জন মারা যান এবং স্থানীয় হাসপাতালে নেওয়ার পর আহতদের মধ্য থেকে আরও কয়েকজন মারা যান। দুর্ঘটনার তীব্রতায় মিনিবাসটিতে আগুন ধরে যায় এবং এটি সম্পূর্ণ পুড়ে কঙ্কালে পরিণত হয়। জিম্বাবুয়েতে অতিরিক্ত যাত্রী বোঝাই বাস ও মিনিবাস ট্যাক্সির বেপরোয়া গতি এবং খানাখন্দে ভরা রাস্তার কারণে প্রায়ই ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে থাকে।

দেশটির কর্তৃপক্ষের মতে, ৯০ ভাগের বেশি সড়ক দুর্ঘটনার পেছনে চালকদের বেপরোয়া ড্রাইভিং ও মানবজনিত ত্রুটি দায়ী। জাতিসংঘের অর্থনৈতিক কমিশন ফর আফ্রিকার তথ্য অনুযায়ী, আফ্রিকার দেশগুলোতে প্রতি বছর প্রায় ৩ লাখ মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায়, যা বিশ্বের মোট সড়ক মৃত্যুর প্রায় এক চতুর্থাংশ।