চীনা হ্যাকারদের হামলার দাবি সংশোধন করল যুক্তরাষ্ট্র

চীনা হ্যাকারদের হামলার দাবি সংশোধন করল যুক্তরাষ্ট্র

ফন্ট সাইজ:

চীনা হ্যাকাররা যুক্তরাষ্ট্রের কয়েকটি সরকারি সংস্থার নেটওয়ার্কে হামলা চালিয়ে সেগুলো হ্যাক করেছে। আগের এমন বক্তব্য সংশোধন করেছেন মার্কিন কর্মকর্তারা। এখন তারা বলছেন, এসব সংস্থা হ্যাকারদের লক্ষ্যবস্তু ছিল। তবে সবগুলোতে সফলভাবে অনুপ্রবেশ করতে পারেনি। শুক্রবার নতুন করে সংশোধিত এক বিবৃতিতে মার্কিন আইন মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সিনেট, ফেডারেল রিজার্ভ, নাসা এবং আরও কয়েকটি প্রতিষ্ঠান ছিল চীন সরকারের পৃষ্ঠপোষকতায় পরিচালিত হ্যাকিং গোষ্ঠী কিউটিএফওয়াইয়ের অন্যতম লক্ষ্যবস্তু। বুধবার ইন্টারনেট ডোমেইন জব্দের একটি অভিযানের সময় মার্কিন কর্মকর্তারা গোষ্ঠীটির পরিচয় প্রকাশ করেন।

এর আগের বিবৃতিতে বলা হয়, এসব সরকারি সংস্থা হ্যাকারদের হামলার শিকার হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মন্ত্রণালয় জানায়, ২৬শে আগস্ট প্রকাশিত বিবৃতিতে সব সংস্থাকে হামলার শিকার হিসেবে বর্ণনা করা হয়েছিল। কিন্তু সরকারের হলফনামায় স্পষ্ট করা হয়েছে যে, সব সংস্থাই হ্যাকারদের লক্ষ্যবস্তু ছিল। তবে শুধু কয়েকটিতে সফলভাবে অনুপ্রবেশ করেছিল তারা। এই পার্থক্য গুরুত্বপূর্ণ। কারণ এর ফলে যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থাগুলো, প্রতিরক্ষা ঠিকাদার এবং অন্যান্য স্পর্শকাতর প্রতিষ্ঠানের বিরুদ্ধে চীনের কয়েক বছরব্যাপী সাইবার গুপ্তচরবৃত্তির অভিযানে নিশ্চিতভাবে কতগুলো প্রতিষ্ঠানে হামলা সফল হয়েছিল, তার পরিধি সংকুচিত হয়।

মূল বিবৃতির সঙ্গে প্রকাশিত এফবিআইয়ের হলফনামা অনুযায়ী, অন্তত ২০১৮ সাল থেকে চীনা হ্যাকাররা নাসা, ফেডারেল রিজার্ভ, জ্বালানি বিভাগ, বিচার বিভাগ, স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ, ন্যাশনাল ইনস্টিটিউটস অব হেলথ (এনআইএইচ) এবং মার্কিন সিনেটসহ বিভিন্ন মার্কিন ফেডারেল নেটওয়ার্ককে লক্ষ্যবস্তু করে আসছিল। একটি ফুটনোটে বলা হয়েছে, নাসাকে লক্ষ্য করে চালানো হামলার বিষয়ে এফবিআই তদন্ত করেছিল। সংস্থাটির লক্ষ্য করা সফটওয়্যারগুলোর নিরাপত্তা ত্রুটি সংশোধন করা থাকায় নাসার বিরুদ্ধে ওই অনুপ্রবেশের চেষ্টা সফল হয়নি।