ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করলেন তিন সাংবাদিক

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করলেন তিন সাংবাদিক

ফন্ট সাইজ:

মার্কিন সামরিক বাহিনীর স্বাধীন সংবাদমাধ্যম ‘স্টারস অ্যান্ড স্ট্রাইপস’ এর বরখাস্তকৃত তিন সাংবাদিক মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের (পেন্টাগন) বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। সংবাদমাধ্যমের স্বাধীনতা ক্ষুন্ন করা এবং বাকস্বাধীনতার সাংবিধানিক অধিকার লঙ্ঘনের অভিযোগে ওয়াশিংটন ডিসির একটি জেলা আদালতে এই মামলা করা হয়। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।

মামলা দায়েরকারী তিন সাংবাদিক হলেন সংবাদপত্রটির প্রকাশক ম্যাক্স লেডারার, প্রধান সম্পাদক এরিক স্লাভিন এবং মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিবেদক লারা কোর্তে। গত সপ্তাহে পেন্টাগন থেকে তাদের বরখাস্তের নোটিশ পাঠানো হয়। যেখানে তাদের বিরুদ্ধে ‘অবাধ্যতার’ অভিযোগ আনা হয়েছিল। মার্কিন সংবিধানের প্রথম সংশোধনী অনুযায়ী সাংবাদিকতার স্বাধীনতায় বাধা দেওয়ার প্রতিবাদেই এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তারা।

মূলত গত জুলাই মাসে সিবিএস সানডে মর্নিং-এ দেয়া একটি সাক্ষাৎকারকে কেন্দ্র করে ট্রাম্প প্রশাসনের সাথে এই সংবাদমাধ্যমের বিরোধের সূত্রপাত হয়। ওই সাক্ষাৎকারে সাংবাদিকরা সেন্সরশিপের আশঙ্কা প্রকাশ করে বলেন, সামরিক বাহিনীর সদস্যদের জন্য স্বাধীন ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করাই তাদের প্রধান লক্ষ্য। বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’-এ রসদ সংকট ও নাবিকদের মানসিক সংগ্রামের মতো সংবেদনশীল বিষয়গুলো সাহসিকতার সাথে প্রকাশ করায় ট্রাম্প প্রশাসন ক্ষুব্ধ হয়েছিল। এই বরখাস্তের ঘটনা তারই প্রতিশোধ বলে ধারণা করা হচ্ছে। মার্কিন গৃহযুদ্ধের সময় থেকে প্রকাশিত ঐতিহাসিক এই সংবাদমাধ্যমের সম্পাদকীয় স্বাধীনতা রক্ষা এবং ভয় ছাড়া কাজ চালিয়ে যাওয়ার দাবি জানান বরখাস্তকৃত সাংবাদিকরা।