কৃষিকিটনাশক উৎপাদনের কাঁচামাল আমদানি সহজীকরণ এবং নির্দিষ্ট উৎস বা দেশ থেকে আমদানির বাধ্যবাধকতা তুলে নেয়াকে সময়োপযোগী ও কৃষিবান্ধব পদক্ষেপ হিসেবে স্বাগত জানিয়েছে বাংলাদেশ অ্যাগ্রোকেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বামা)। সংগঠনটির সভাপতি ও কৃষিবিদ কেএসএম মোস্তাফিজুর রহমান সরকারের এ সিদ্ধান্তকে কৃষি খাত ও কৃষকের জন্য অত্যন্ত ইতিবাচক হিসেবে অভিহিত করেছেন।
কৃষিবিদ মোস্তাফিজুর রহমান জানান, বাংলাদেশ কৃষিকিটনাশক পণ্য আমদানিরকারকদের জন্য সকল সুবিধা নিশ্চিত করে রাখা হয়েছিল। অথচ নানা আইনের বেড়াজালে আটকে রাখা হয়েছিল দেশীয় উৎপাদকদের। বামার সভাপতি বলেন, রাসায়নিক পণ্য উৎপাদনে কাঁচামাল আমদানিতে পূর্বের জটিল নীতিমালা ও নির্দিষ্ট দেশ বা উৎস থেকে আমদানির বাধ্যবাধকতার কারণে প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোকে বাড়তি খরচ বহন করতে হতো। নতুন নীতিমালার ফলে প্রতিযোগিতামূলক মূল্যে আন্তর্জাতিক বাজার থেকে মানসম্মত কৃষি রাসায়নিক ও কাঁচামাল আমদানি করা সহজ হবে। তিনি বলেন, কাঁচামাল আমদানিতে বাধ্যবাধকতা না থাকায় আমদানিকারকরা এখন গুণগত মান বজায় রেখে সুবিধাজনক যেকোনো দেশ থেকে কাঁচামাল সংগ্রহ করতে পারবেন। এতে সরাসরি উপকৃত হবেন দেশের কৃষকরা, কারণ বাজারে কৃষি রাসায়নিক উপকরণের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত হবে এবং উৎপাদন খরচও নিয়ন্ত্রণে থাকবে।
সংগঠনটির মতে, সরকারের এ সিদ্ধান্তটি বাংলাদেশের কৃষিখাত ও কৃষি-ভিত্তিক শিল্প উভয়ের জন্যই একটি ইতিবাচক পদক্ষেপ। পূর্বে নির্দিষ্ট কিছু দেশের ওপর নির্ভরতা থাকার কারণে আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খলে বিঘ্ন ঘটলে দেশে কীটনাশক ও অন্যান্য কৃষি রাসায়নিকের কৃত্রিম সংকট তৈরি হতো এবং পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যেত। এ ছাড়া উৎস দেশের বাধ্যবাধকতা তুলে দেওয়ায় মুক্তবাজার প্রতিযোগিতার সুযোগ তৈরি হবে। ফলে আমদানিকারকরা সাশ্রয়ী মূল্যে পণ্য আনতে পারবেন, যা দিনশেষে মাঠপর্যায়ে কৃষকের উৎপাদন খরচ কমাতে সাহায্য করবে।
কৃষি অর্থনীতিবিদ ড. জাহাঙ্গীর আলম বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং উৎপাদন খরচ কমানোর ক্ষেত্রে মানসম্পন্ন কীটনাশক ও বালাইনাশকের সরবরাহ অত্যন্ত জরুরি। দীর্ঘদিন ধরে আমাদের কৃষি খাত তৈরি কীটনাশক আমদানির ওপর নির্ভর করায় উৎপাদন ব্যয় বেশি ছিল। কাঁচামাল আমদানির সুযোগ ও উৎস উন্মুক্ত করার নতুন নীতিমালা স্থানীয় ম্যানুফ্যাকচারিং শিল্পকে উৎসাহিত করবে। তবে এর সুফল যেন সরাসরি কৃষক পান এবং বাজারের একচেটিয়া প্রভাব কমে আসে, তা নিশ্চিত করতে হবে।
