স্ত্রীসহ নভোথিয়েটারের সাবেক ডিজি আরশাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ফন্ট সাইজ:

নভোথিয়েটারের সাবেক মহাপরিচালক আরশাদ উল্লাহ ও তার স্ত্রী রেবেকা আক্তারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। তাদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং কানাডায় অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন। বৃহস্পতিবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ এ আদেশ দেন।

এর আগে দুদকের উপ-পরিচালক এ কে এম মাহবুবুর রহমান আরশাদ উল্লাহ ও তার স্ত্রী রেবেকা আক্তারের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন। আবেদনে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রাথমিক অনুসন্ধানের বিষয়টি তুলে ধরা হয়। দুদকের আবেদনে বলা হয়, আরশাদ উল্লাহ ও তার স্ত্রী রেবেকা আক্তারের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে কানাডায় অর্থ পাচারের অভিযোগও অনুসন্ধান করা হচ্ছে। এসব অভিযোগের সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহে ইতিমধ্যে দুদকের পক্ষ থেকে দুই সদস্যের একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে।

আবেদনে আরও বলা হয়, অনুসন্ধানাধীন অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট আরশাদ উল্লাহ ও তার স্ত্রী রেবেকা আক্তার দেশত্যাগ করতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে তথ্য পাওয়া গেছে। তারা বিদেশে চলে গেলে চলমান অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ অনুসন্ধান নিশ্চিত করতে তাদের বিদেশ গমন রহিত করা একান্ত প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়। দুদকের আবেদনের ওপর শুনানি শেষে বিচারক শাহজাহান কবির আরশাদ উল্লাহ ও তার স্ত্রী রেবেকা আক্তারের বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দেন।