বাজেট সংকটে ভুগছে ইসরাইলি সেনাবাহিনী। এর ফলে তাদের বিভিন্ন রকম কাজে ব্যাঘাত ঘটছে। সরাসরি চিফ অব স্টাফ ইয়াল জামির এ কথা বলেছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। বহুমুখী যুদ্ধের মূল্যায়ন বিষয়ে এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। তিনি বলেন, দুর্ভাগ্যজনক হলো ইসরাইলি ডিফেন্স ফোর্সেসের বাজেটের দিক দিয়ে আমরা বর্তমানে চ্যালেঞ্জ মোকাবিলা করছি। যখন আইডিএফ এবং এর সদস্যরা সব ফ্রন্টে অপারেশন চালাচ্ছেন তখন আমরা তহবিলের এই ঘাটতি মোকাবিলা করছি। এতে আইডিএফের প্রস্তুতি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সামরিক বাড়তি তহবিলের বিষয়ে ইসরাইলি প্রতিরক্ষা ও আর্থিক মন্ত্রণালয়ের মধ্যে বিরোধের মধ্যে এমন তথ্য সামনে এলো। এ মাসে ইসরাইলি মিডিয়াই রিপোর্ট করে যে, সেনাবাহিনী প্রায় ৪০০০ কোটি শেকেল (১২৩০ কোটি ডলার) বাজেট সংকটে ভুগছে। এ নিয়ে বিরোধে সেনাবাহিনীর ক্রয় কর্মসূচি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
