‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ আর নেই

‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ আর নেই

ফন্ট সাইজ:

‘বসনিয়ার কসাই’খ্যাত সার্ব জেনারেল রাতকো ম্লাদিচ মারা গেছে। ১৯৯২ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত বসনিয়া ও হার্জেগোভিনার রক্তক্ষয়ী যুদ্ধে গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ড ভোগ করছিল সে। ওই যুদ্ধে সে ৮ হাজারের বেশি মুসলিমকে হত্যা করে। এ খবর দিয়ে অনলাইন আল জাজিরা বলছে, ম্লাদিচের বয়স ৮৩ অথবা ৮৪ বছর হয়েছিল বলে জানিয়েছে সার্বিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন আরটিএস এবং বসনীয় সার্বদের সরকারি টেলিভিশন।

রয়টার্সকে এক জাতিসংঘ কর্মকর্তা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নেদারল্যান্ডসের দ্য হেগে জাতিসংঘের কারাগারের একটি হাসপাতালে ম্লাদিচের মৃত্যু হয়। তার পরিবারের এক সদস্যও এপি’কে বিষয়টি নিশ্চিত করেছেন। সংবেদনশীলতার কারণে ওই সদস্য নিজের পরিচয় প্রকাশ করতে চাননি। ১৯৯৫ সালে বসনিয়ার একটি জাতিসংঘ ঘোষিত ‘নিরাপদ এলাকা’য় কমপক্ষে ৮ হাজার মুসলিমকে হত্যার জন্য গণহত্যার দায়ে ম্লাদিচ দোষী সাব্যস্ত হয়।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে সংঘটিত সবচেয়ে ভয়াবহ নৃশংস ঘটনাগুলোর একটি ছিল এই হত্যাকাণ্ড। দীর্ঘ বিচারপ্রক্রিয়ার পর ২০১৭ সালে ম্লাদিচকে গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে জাতিসংঘের ট্রাইব্যুনাল। তাকে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়। রায় ঘোষণার সময় ট্রাইব্যুনাল তার অপরাধগুলোকে মানবজাতির ইতিহাসে পরিচিত ‘সবচেয়ে জঘন্য অপরাধগুলোর মধ্যে’ অন্যতম বলে উল্লেখ করা হয়। তৎকালীন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান জায়েদ রা’দ আল-হুসেইন রায়ের পর ম্লাদিচকে ‘অশুভের প্রতিমূর্তি’ হিসেবে বর্ণনা করেন।