স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, ‘প্রধানমন্ত্রী বাংলাদেশে ইসলামের আদর্শ প্রতিষ্ঠা করছেন। কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের মাধ্যমে দরিদ্রদের সহায়তার যে নতুন ধ্যান-ধারণা প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে চালু করেছেন, তা রাসুল (সা.)-এর শিক্ষা থেকে এসেছে।’ বুধবার সন্ধ্যায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নরসিংদীর পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে আয়োজিত এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বর্তমান সরকারের উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরে সমবায়মন্ত্রী বলেন, ‘একটি সরকারের জন্য ৬ মাস কোনো দীর্ঘ সময় নয়। এই স্বল্পতম ৬ মাসের ভেতরে তারেক রহমান নির্বাচনী যেসব ওয়াদা করেছিলেন, সেই ওয়াদাগুলো একটি একটি করে পূরণ করেছেন।
আপনারা দেখেছেন, পলাশে দীর্ঘ ১৭ বছর জনগণের কল্যাণে যা করা হয়নি, আমরা আজকে মাত্র ৬ মাসের ব্যবধানে তার চেয়ে অনেক বেশি কাজ করতে পেরেছি।’ তিনি বলেন, ‘এ দেশের দুস্থ-দরিদ্র মানুষ থেকে শুরু করে এ দেশের রাস্তাঘাট, মসজিদ-মাদ্রাসার উন্নয়ন করেছি। কেন করেছি? এটা তারেক রহমানের রাষ্ট্রীয় নীতি। এর ফলশ্রুতিতে আমরা এই কাজগুলো করতে সক্ষম হয়েছি।’ তিনি আরও বলেন, ‘১৯৯১ সালে বেগম জিয়ার নেতৃত্বে জেলার পাঁচটি আসনেই বিএনপি বিজয়ী হয়েছিল এবং বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সেই গৌরব পুনরুদ্ধার হয়েছে।’ নরসিংদীর পলাশ উপজেলা বিএনপির সভাপতি আবদুস সাত্তারের সভাপতিত্বে এবং জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিলটন এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ড. আব্দুল মঈন খানের সহধর্মিণী ও দি মিলেনিয়াম ইউনিভার্সিটির চেয়ারপার্সন অ্যাডভোকেট রোখসানা খন্দকার, নরসিংদী জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, বিএনপি নেতা ফেরদৌস আহমেদ খোকন, নরসিংদী আন্তঃজেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি সারোয়ার হোসেন মৃধা এবং নরসিংদী বাজার বণিক সমিতির সভাপতি বাবুল সরকার, জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার প্রমুখ।
ড. আব্দুল মঈন খান এবার মন্ত্রী হিসেবে প্রথম নিজ জেলায় আগমন করেন। নরসিংদীর পলাশের চরনগরদীতে নিজ বাড়ির পাশে পারিবারিক কবরস্থানে বাবা সাবেক খাদ্যমন্ত্রী মরহুম আবদুল মোমেন খান ও মা খোরশেদা বানুর কবর জিয়ারত করেন।
এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া, নরসিংদী জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা উপসচিব আব্দুল ওয়াহাব রাশেদ,জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক, নরসিংদী এলজিইডি এর নির্বাহী প্রকৌশলী মো. ফুলকাম বাদশা,নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার,পলাশ উপজেলা নির্বাহী অফিসার ইশতিয়াক,নরসিংদী জনস্বাস্থ্য বিভাগ নির্বাহী প্রকৌশলী মো. রেজওয়ান হোসেন,নরসিংদী এলজিইডি এর সিনিয়র প্রকৌশলী খন্দকার গোলাম শওকত, পলাশ পৌর সভাপতি আলম মোল্লা,জেলা যুবদল সহসভাপতি শাহান শাহ শানু, জেলা তাঁতীদলের সভাপতি হুমায়ুন কবির কামাল ও সেক্রেটারি আলাউদ্দিন প্রধান,চিনিশপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহেদী হাসান তুহিন,পলাশ বিএনপি নেতা ভিপি মনির,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আমজাদ হোসেন ভুইয়া আলতাফ, জেলা তাঁতীদলের প্রচার ও প্রকাশনা সম্পাদক বশির আহম্মদ মোল্লা।
এছাড়া অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি,রাজনৈতিক নেতাকর্মী,আলেম-ওলামা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
