নেপালে বাংলাদেশি পর্যটকেরা নিরাপদে আছেন, জানালো দূতাবাস

নেপালে বাংলাদেশি পর্যটকেরা নিরাপদে আছেন, জানালো দূতাবাস

ফন্ট সাইজ:

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে বিপর্যয়ের মধ্যে সেখানে থাকা বাংলাদেশি পর্যটকেরা নিরাপদে আছেন বলে জানিয়েছে কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাস।
দূতাবাসের কাউন্সেলর শোয়েব আব্দুল্লাহ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
দূতাবাস জানিয়েছে, রাজধানী কাঠমান্ডু, পোখারা ও নাগরকোটসহ প্রধান পর্যটনকেন্দ্রগুলোর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বন্যা ও ভূমিধসের ঘটনা মূলত কৈলাস ও মানস সরোবর যাওয়ার পথে ঘটেছে। সাধারণত বাংলাদেশি পর্যটকেরা ওই পথে যান না।

তবে দুর্যোগের কারণে গতকাল পোখারা থেকে কাঠমান্ডু আসার পথে কয়েকজন বাংলাদেশি পর্যটক সাময়িকভাবে আটকা পড়েছিলেন বলে জানান কাউন্সেলর শোয়েব আব্দুল্লাহ।

তিনি বলেন, ‘পোখারা থেকে কাঠমান্ডু আসার পথে কয়েকজন বাংলাদেশি পর্যটক দূতাবাসে ফোন করেছিলেন। মহাসড়ক বন্ধ থাকায় তারা প্রায় ছয়-সাত ঘণ্টা আটকা পড়েছিলেন। পরে সড়ক খুলে দেওয়া হলে আজ সকালে তারা নিরাপদে কাঠমান্ডু পৌঁছেছেন।’

নেপাল ও চীনের তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১৭৭ জনে দাঁড়িয়েছে। এছাড়া দুই দেশে অন্তত ৮০০ বিদেশিসহ প্রায় ১,৫০০ মানুষ নিখোঁজ রয়েছেন।