ময়মনসিংহের চাঞ্চল্যকর হত্যা মামলার দুই আসামি শ্রীমঙ্গলে আটক

ময়মনসিংহের চাঞ্চল্যকর হত্যা মামলার দুই আসামি শ্রীমঙ্গলে আটক

ফন্ট সাইজ:

ময়মনসিংহের ফুলবাড়ীয়া থানায় দায়ের করা চাঞ্চল্যকর একটি হত্যা মামলার পলাতক দুই আসামিকে শ্রীমঙ্গল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘ চার দিনের সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—ফুলবাড়িয়া থানার সোয়াইতপুর গ্রামের ফজলুল হকের ছেলে রাজু মির্জা (২২) এবং একই এলাকার জিতুল মিয়ার পুত্র ছেলে মির্জা (২০)।

পুলিশ সুত্রে জানা গেছে , গত ২৩ জুলাই থেকে ২ আগস্ট এর মধ্যে যেকোনো সময়ে ফুলবাড়ীয়া থানার এনায়েতপুর ইউনিয়নের সোয়াইতপুর এলাকায় আবু রায়হান (৪০) নামে এক ব্যক্তিকে নৃশংসভাবে হত্যা করা হয়। পরে মরদেহ ধারালো অস্ত্র দিয়ে ১৫ টুকরা করে চারটি ব্যাগে ভরে পরিত্যক্ত ময়লা ডাম্পিংয়ের ডোবার পানিতে ফেলে রাখা  হয়। এ ঘটনায় ফুলবাড়ীয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার পর থেকেই দুই আসামি পলাতক ছিলেন।

পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার এড়াতে আসামিরা পরিচয় গোপন ও ব্যবহৃত মোবাইল ফোন পরিবর্তন করে বিভিন্ন স্থানে অবস্থান করছিলেন। পরে শ্রীমঙ্গল থানা পুলিশের সহায়তায় ফুলবাড়ীয়া থানা পুলিশ তথ্য-প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিভিন্ন আবাসিক হোটেল, রিসোর্ট, বাসস্ট্যান্ড ও রেলস্টেশনসহ সম্ভাব্য এলাকায় নজরদারি বৃদ্ধি করা হয়। টানা চার দিন সাঁড়াশি অভিযান চালিয়ে অবশেষে শ্রীমঙ্গল থেকে তাদের আটক করতে সক্ষম হয় পুলিশ।

শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক বলেন, তারা ময়মনসিংহে হত্যাকাণ্ড ঘটিয়ে শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকায় একটি কক্ষ ভাড়া নিয়ে অবস্থান করছিল। তথ্য-প্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে আমরা গ্রেপ্তার করি। পরে জিজ্ঞাসাবাদ শেষে ময়মনসিংহের ফুলবাড়ীয়া থানা-পুলিশ এসে তাদের নিয়ে যায়।