প্রতিষ্ঠাবার্ষিকীতে ৫ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

প্রতিষ্ঠাবার্ষিকীতে ৫ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

ফন্ট সাইজ:

দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনব্যাপী নানা কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বুধবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এর আগে আগামী ১লা সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। এতে বিএনপি এবং এর অঙ্গ-সহযোগি সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

রুহুল কবির রিজভী বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর মূল দিন ১লা সেপ্টেম্বর সকাল ৯টায় বিএনপির চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হবে। এ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান। ৫ই সেপ্টেম্বর আলোচনা সভার আয়োজন করা হবে।

এছাড়া ৫ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে। মৎস্য অবমুক্তকরণ কর্মসূচির নেতৃত্ব দেবেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। বৃক্ষরোপণ কর্মসূচির নেতৃত্বে থাকবেন দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী।

রিজভী বলেন, বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন দেশের এক ক্ষণজন্মা পুরুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি মাতৃভূমির মুক্তির জন্য দিশাহীন জাতিকে স্বাধীনতার ঘোষণা দিয়ে উজ্জীবিত করেছিলেন। সাধারণ জনগণ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ-ছাত্র, শিক্ষক, কৃষক ও শ্রমিককে মুক্তিযুদ্ধে অবতীর্ণ হওয়ার প্রেরণা ও উৎসাহ জুগিয়েছিলেন তিনি।
তিনি বলেন, দেশের এক ক্রান্তিকালে ১৯৭৫ সালের ৭ই নভেম্বর এই ক্ষণজন্মা মানুষটি রাষ্ট্রক্ষমতা গ্রহণ করেন এবং রাষ্ট্রক্ষমতার পাদপ্রদীপের সামনে আসেন। রাষ্ট্রের হাল ধরার আগে যত অনাচার, অবিচার, গণতন্ত্র হরণ, হত্যা, কথা বলার স্বাধীনতা ও চলাচলের স্বাধীনতা যেভাবে লঙ্ঘিত হয়েছিল, তিনি ক্ষমতায় আসার পর সেসব পুনরায় চালু করেন। বহুদলীয় গণতন্ত্র চালু হয়, নানা ভিন্ন মতাবলম্বী সংবাদপত্র প্রকাশিত হতে থাকে এবং রাজনৈতিক দল করার অধিকার নিশ্চিত হয়। মানুষ ভয়ংকর দুর্বিপাকের রুদ্ধশ্বাস অবস্থা থেকে মুক্তি লাভ করে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, শহীদ জিয়াউর রহমান এ দেশের এক ক্ষণজন্মা রাষ্ট্রনায়ক ও সাবেক রাষ্ট্রপতি। তিনি তিনটি প্রত্যয়কে সামনে রেখে বিএনপি গঠন করেছিলেন-স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষা এবং গণতন্ত্র। এই স্পিরিটকে ধারণ করে তিনি দেশকে উন্নয়ন ও উৎপাদনের দ্রুততম পথে অগ্রসর করেছিলেন।

তিনি আরও বলেন, স্বাধীনতার পর এ দেশকে বিদেশীরা ‘তলাবিহীন ঝুড়ি’ বলেছিল। শহীদ জিয়াউর রহমান সেই দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন, নিরক্ষর মানুষকে অক্ষরজ্ঞান দিয়েছিলেন এবং খাল কেটে পানি সংরক্ষণের ব্যবস্থা করেছিলেন। একদিকে মানুষের চাষাবাদের সুযোগ তৈরি করে দিয়ে অন্যদিকে ফসল উৎপাদন দ্বিগুণ-তিনগুণ করেছিলেন তিনি।