হরমুজ প্রণালিতে নতুন অস্থায়ী নৌপথে একমত ইরান-ওমান

হরমুজ প্রণালিতে নতুন অস্থায়ী নৌপথে একমত ইরান-ওমান

ফন্ট সাইজ:

ইরান ও ওমান হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের জন্য একটি নতুন অস্থায়ী নৌপথ চালুর বিষয়ে একমত হয়েছে। তবে ইরানের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, জুনে স্বাক্ষরিত অন্তর্বর্তী শান্তি চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেয়া হবে না। মঙ্গলবার ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি এ কথা জানান। এর আগে তেহরানে ইরান ও ওমানের পররাষ্ট্রমন্ত্রীরা প্রণালিতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণে ধাপে ধাপে একটি কাঠামোর চূড়ান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।

রাষ্ট্রীয় টেলিভিশনে ঘারিবাবাদি বলেন, নতুন নৌপথটির প্রবেশপথ ইরানের আঞ্চলিক জলসীমার মধ্য দিয়ে হবে এবং বের হওয়ার পথের একটি অংশও ইরানের জলসীমা দিয়ে যাবে। নৌপথটির প্রস্থ হবে প্রায় ৭ মাইল বা ১১ দশমিক ৩ কিলোমিটার। তিনি বলেন, ওমানের সঙ্গে যে ট্রানজিট রুটে আমরা একমত হয়েছি, সেটি একটি অস্থায়ী রুট। এর আগে মঙ্গলবার তেহরানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ও ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি অস্থায়ী নৌপথ এবং হরমুজ প্রণালি থেকে মাইন অপসারণের পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

আলবুসাইদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আশা প্রকাশ করে বলেন, দুই দেশ শিগগিরই নৌপথটির ঘোষণা দিতে পারবে। ভবিষ্যতে প্রণালিটির ব্যবস্থাপনা এবং একটি স্থায়ী সমাধানের বিষয়েও আলোচনা হবে। দীর্ঘমেয়াদি ব্যবস্থাপনার জন্য প্রযুক্তিগত আলোচনা হবে বলেও দুই দেশের যৌথ বিবৃতিতে জানানো হয়েছে। এতে তথ্য আদান-প্রদান, নৌ চলাচল ও নিরাপত্তা পরিষেবার ব্যবস্থাও অন্তর্ভুক্ত থাকবে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধের পর হরমুজ প্রণালি একটি বড় সংঘাতের কেন্দ্রে পরিণত হয়। তেহরান প্রণালিটি বন্ধ করে দেওয়ার পর আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও) ১৯৬৮ সালে নির্ধারিত আন্তর্জাতিক ট্রাফিক রুটের পরিবর্তে নিজেদের আঞ্চলিক জলসীমা দিয়ে একটি নতুন নৌপথ চালুর ঘোষণা দেয়। ইরানের দাবি ছিল, ওই পথে মাইন পেতে রাখা হয়েছে।

জুনে ইরান ও যুক্তরাষ্ট্র যুদ্ধ অবসানের লক্ষ্যে একটি সমঝোতা স্মারকে (এমওইউ) সই করার পর ওমান ও আইএমও যুক্তরাষ্ট্রের সমর্থনে হরমুজে ওমানের উপকূলঘেঁষা একটি নতুন নৌপথ ঘোষণা করে। তবে ইরান দাবি করে, তথাকথিত দক্ষিণের নৌপথটি সমঝোতা স্মারক লঙ্ঘন করছে। ওই নৌপথ ব্যবহারকারী জাহাজে ইরান হামলা চালানোর পর অন্তর্বর্তী চুক্তিটি ভেঙে পড়ে। এরপর বৃহত্তর শান্তিচুক্তির জন্য কূটনৈতিক প্রচেষ্টা থমকে যায় এবং হরমুজ দিয়ে জাহাজ চলাচল এখনও ঝুঁকিপূর্ণ রয়েছে। মঙ্গলবার প্রণালির প্রবেশমুখের কাছে ওমানের আশ শিসাহ এলাকায় একটি অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে একটি তেলবাহী ট্যাংকার অচল হয়ে যায় বলে বৃটেনের সামুদ্রিক বাণিজ্য পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে।
ঘারিবাবাদি বলেন, ওমানের সঙ্গে নতুন নৌপথে সমঝোতা হলেও ইরান এটিকে প্রণালি পুরোপুরি খুলে দেয়ার সিদ্ধান্ত হিসেবে দেখছে না।

হরমুজের আন্তর্জাতিক জলসীমায় সব মাইন অপসারণ করা হয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যে দাবি করেছেন, সেটিও প্রত্যাখ্যান করেন তিনি। ঘারিবাবাদি বলেন, ট্রাম্পের ওই দাবি শুধু বাজারকে শান্ত করার উদ্দেশ্যে করা হয়েছে। তিনি সতর্ক করে বলেন, মার্কিন মাইন শনাক্তকারী জাহাজগুলো ওই এলাকায় প্রবেশ করলে সেগুলো খুব ভালো লক্ষ্যবস্তু হয়ে উঠবে।