দেড় মাসের ব্যবধানে দ্বিতীয়বার খোয়াই নদীর বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশের ঘটনায় হবিগঞ্জের কালীগঞ্জ এলাকা পরিদর্শন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় বাংলাদেশ। তবে কোনো দেশের পানির গেট খুলে দেয়ার কারণে যেন বাংলাদেশ হঠাৎ বন্যার কবলে না পড়ে, সে বিষয়ে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
পানি সম্পদ প্রতিমন্ত্রী বলেন, আমরা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই। তবে কোনোভাবে পানি ছেড়ে দিয়ে বাংলাদেশের মানুষকে বন্যাকবলিত করা যাবে না।
এ বিষয়ে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। বাঁধের স্থায়ী সমাধানে বিশেষজ্ঞদের পরামর্শ নেয়া হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, শুধু বাঁধ নির্মাণ নয়, প্রয়োজনে সøুইসগেট স্থাপনের বিষয়টিও বিবেচনা করা হবে। এদিকে, জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জিকে গউছ আগামী ১৫ দিনের মধ্যে বাঁধের প্রয়োজনীয় কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি কাজের মান ও অগ্রগতি নিয়মিত তদারকির নির্দেশ দেয়া হয়েছে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডকে। পরিদর্শনকালে জেলা প্রশাসক ড. জিএম সরফরাজসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
