গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার বলেছেন, গাজীপুর একটি দ্রুত বিকাশমান মহানগর। ভবিষ্যতের চাহিদা বিবেচনায় নিয়ে এখন থেকেই পরিকল্পিতভাবে কাজ করতে হবে। বর্জ্য ব্যবস্থাপনা, সড়ক ও ড্রেনেজ, স্বাস্থ্যসেবা, রাজস্ব ব্যবস্থাপনা এবং নগর সম্পত্তির সুষ্ঠু ব্যবহারে আরও কার্যকর পদক্ষেপ নেয়া হবে। গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক)-এর ২১তম করপোরেশন সভায় তিনি এসব কথা বলেন। সভায় নগরবাসীর নাগরিকসেবা আরও সহজ, দ্রুত ও মানসম্মত করা, চলমান উন্নয়ন প্রকল্পের গতি বাড়ানো এবং গাজীপুর মহানগরীর টেকসই ও পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ বিভিন্ন সিদ্ধান্ত ও দিকনির্দেশনা দেয়া হয়েছে।
মঙ্গলবার গাজীপুর সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রশাসক শওকতের সভাপতিত্বে সভায় প্রধান নির্বাহী কর্মকর্তা মিজ তানজিলা খানম, প্রধান প্রকৌশলী মো. আব্দুল বারেক, সচিব (ভারপ্রাপ্ত) মো. ফিরোজ আল মামুন, প্রধান রাজস্ব কর্মকর্তা সানিউল কাদের, অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. হারুনুর রশিদ, মো. লেহাজ উদ্দিন, মো. হাসিবুল ইসলাম, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাবৃন্দসহ করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন বিভাগের প্রধানগণ উপস্থিত ছিলেন। সভায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প, ডিপিপি, রাজস্ব আদায় ও ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা, বর্জ্য ব্যবস্থাপনা, সম্পত্তি ব্যবস্থাপনা এবং নগর অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আলোচনার পর প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় চলমান উন্নয়নকাজের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গুণগত মান নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করা হয়। একই সঙ্গে নাগরিকদের দৈনন্দিন ভোগান্তি কমাতে সিটি করপোরেশনের সেবাগুলো আরও কার্যকর ও জনবান্ধব করার বিষয়ে দিকনির্দেশনা দেয়া হয়। সভায় প্রধান নির্বাহী কর্মকর্তা মিজ তানজিলা খানম বলেন, নাগরিকসেবার মানোন্নয়নে সিটি করপোরেশনের প্রতিটি বিভাগকে আরও সমন্বিতভাবে কাজ করতে হবে। সভায় যেসব সিদ্ধান্ত নেয়া হয়েছে, সেগুলো যথাযথভাবে বাস্তবায়ন ও নিয়মিত তদারকির মাধ্যমে নাগরিকদের কাছে সেবার সুফল পৌঁছে দেয়া হবে।
