খুলনায় আশঙ্কাজনকভাবে ডেঙ্গু বৃদ্ধি, মোকাবিলায় রোডম্যাপ ঘোষণা বিএনপি’র

ফন্ট সাইজ:

খুলনা মহানগরীতে আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় এর সংক্রমণ মোকাবিলা এবং আক্রান্ত রোগীদের দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিতে দু’টি বিশেষ মানবিক উদ্যোগ ও রোডম্যাপ ঘোষণা করেছে মহানগর বিএনপি। গতকাল সকাল ১১টায় খুলনা প্রেস ক্লাবে মহানগর বিএনপি আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে দলটির পক্ষ থেকে প্রতিরোধমূলক ব্যবস্থা ও চিকিৎসাসেবা প্রদানে পরিকল্পনা প্রকাশ করেন মহানগর বিএনপি’র সভাপতি ও কেডিএ’র চেয়ারম্যান এডভোকেট এস এম শফিকুল আলম মনা।

প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্যে এডভোকেট এসএম শফিকুল আলম মনা বলেন, খুলনা মহানগরীর একাধিক হাসপাতাল, ক্লিনিক ও সেবা কেন্দ্র থাকা সত্ত্বেও হঠাৎ রোগী বৃদ্ধির কারণে চিকিৎসক ও পরামর্শের ঘাটতি, সেবা পেতে বিলম্ব এবং ল্যাব টেস্টের বিড়ম্বনা দেখা দিচ্ছে। একইসঙ্গে দৈনিক উপার্জনকারী নিম্নআয়ের মানুষের জীবনযাত্রায় নাভিশ্বাস ওঠে এসেছে। এ সংকটময় পরিস্থিতি মোকাবিলায় রাজনৈতিক দল হিসেবে নাগরিকদের পাশে দাঁড়াতে দু’টি পৃথক পদক্ষেপ হাতে নেয়া হয়েছে। প্রথমত, ডেঙ্গু প্রতিরোধমূলক ব্যবস্থার অংশ হিসেবে মশক নিধনে ফগার মেশিন, প্রয়োজনীয় সরঞ্জাম ও ওষুধ এবং কীটনাশক সরবরাহ করা হবে। পাশাপাশি স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে জলাভূমি পরিষ্কার, জলাবদ্ধতা দূরীকরণ, সাধারণ মানুষের মাঝে সচেতনতা বাড়াতে মাইকিং ও সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি পরিচালনা করা হবে।

স্থানীয় স্কুল-কলেজ ক্যাম্পাসে জাতীয়তাবাদী ছাত্রদল ও ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর যৌথ সহযোগিতায় রক্তের গ্রুপ ম্যাচিং, ডায়াগনস্টিক সাপোর্ট, রক্ত সংগ্রহ ও সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। দ্বিতীয়ত, আক্রান্ত রোগীদের প্রত্যক্ষ চিকিৎসাসেবার লক্ষ্যে জরুরি ক্ষেত্রে বাড়িতে চিকিৎসক পরামর্শ, অবস্থা বুঝে ওষুধ সরবরাহ ও সার্বক্ষণিক আপডেট রাখার ব্যবস্থা নেয়া হয়েছে। এ ছাড়া আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মহানগরীর প্রতিটি আক্রান্ত থানা এলাকায় কমপক্ষে একটি ৫০ শয্যার কেন্দ্রীয় সেবাকেন্দ্র এবং জনসংখ্যার ঘনত্ব অনুযায়ী বড় ওয়ার্ডে ২০ শয্যা ও ছোট দু’টি ওয়ার্ড মিলে সমমানের সেবাকেন্দ্র প্রস্তুত করা হবে। এ ছাড়া প্রতিটি সেন্টারে চিকিৎসক, স্বাস্থ্য সহকারী, প্রয়োজনীয় সরঞ্জাম, রক্তের গ্রুপ ম্যাচিং সুবিধাসহ ওয়ার্ড বিএনপি কার্যালয়ে হটলাইন নম্বর টাঙানো থাকবে এবং স্বেচ্ছাসেবী দল সার্বক্ষণিক কাজ করবে।

তিনি বলেন, উদ্যোগগুলো সুষ্ঠুভাবে বাস্তবায়নে খুলনা মহানগর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের নিয়ে একটি শক্তিশালী পরিচালনা ও তদারকি পর্ষদ গঠন করা হয়েছে। মেডিকেল পর্ষদের চিকিৎসাসেবা সমন্বয়ে কাজ করবেন ডা. রফিকুল ইসলাম বাবলু এবং প্রতিরোধ ব্যবস্থা সমন্বয়ের দায়িত্বে থাকবেন মো. মাসুদ পারভেজ বাবু। এ ছাড়া সার্বিক ব্যবস্থাপনার জন্য গঠিত উচ্চপর্যায়ের কমিটিতে প্রধান উপদেষ্টা করা হয়েছে জাতীয় সংসদের হুইপ ও বিএনপি’র ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল এমপিকে। কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন খুলনা মহানগর বিএনপি’র সভাপতি এডভোকেট এস এম শফিকুল আলম মনা এবং সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন খুলনা মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। এ ছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শেখ সাদী ও চৌধুরী হাসানুর রশীদ মিরাজসহ বিভিন্ন থানা ও স্থানীয় বিএনপি সভাপতিকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সাবেক যুগ্ম আহ্বায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, ডা, রফিকুল হক বাবলু, ডা. মোস্তফা কামাল, ডা, এস এম আক্তারুজ্জামান, ডা. হাফিজ, ডা. মশিউর রহমান, শেখ সাদী, মো. মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ প্রমুখ।