মেরিন ড্রাইভে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ফন্ট সাইজ:

কক্সবাজারের উখিয়ায় মেরিন ড্রাইভ সড়কে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় অপর এক আরোহী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের মাদারবুনিয়া নৌকার ঘাটসংলগ্ন মেরিন ড্রাইভ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. জাবেদ (২১) চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানিহাট এলাকার শামসু ইসলামের ছেলে। আহত হয়েছেন একই এলাকার মো. তানভীর (২০)। তাকে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, জাবেদ ও তানভীরসহ কয়েকজন বন্ধু মোটরসাইকেলে করে টেকনাফের দিকে যাচ্ছিলেন। এ সময় ঘটনাস্থলে একটি নম্বরবিহীন মোটরসাইকেলকে একটি প্রাইভেটকার ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই জাবেদ মারা যান। তানভীর গুরুতর আহত হন। খবর পেয়ে উখিয়া থানা পুলিশ নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। দুর্ঘটনায় জড়িত প্রাইভেটকার ও নম্বরবিহীন মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।