সিকৃবিতে ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন

ফন্ট সাইজ:

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়েছে। পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে শিক্ষার্থী ও শিশু-কিশোরদের অংশগ্রহণে কেরাত, হামদ্ ও নাতে রাসুল (সা.) উপস্থিত বক্তৃতা, কুইজ, বিভিন্ন প্রতিযোগিতাসহ মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সিকৃবি কেন্দ্রীয় মসজিদ পরিচালনা কমিটির সদস্য প্রফেসর ড. মো. রুহুল আমিনের সঞ্চালনায় ও প্রফেসর ড. মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে সৌদি ধর্ম মন্ত্রণালয়ের দাঈ, ও সিলেট কুদরত উল্লাহ জামে মসজিদের খতিব শায়েখ সাঈদ বিন নূরুজ্জামান আল মাদানী, বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) ছিলেন মানবতার মহান শিক্ষক ও আদর্শ পথপ্রদর্শক। তাঁর পবিত্র জীবন ছিল সামাজিকতা, সৌহার্দ্য, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি সবার সঙ্গে হাসিমুখে কথা বলতেন, শিষ্টাচার ও উত্তম আচরণ বজায় রাখতেন এবং মানুষের সুখ-দুঃখে আন্তরিকভাবে পাশে দাঁড়াতেন। মহানবী (সা.) বিশ্বভ্রাতৃত্ব ও পারস্পরিক সহমর্মিতার গুরুত্ব বোঝাতে বলেছেন, ‘সৌহার্দ্য ও সহানুভূতির ক্ষেত্রে মুমিনদের দৃষ্টান্ত এক দেহের ন্যায়; যার একটি অঙ্গ অসুস্থ হলে গোটা দেহ অসুস্থ ও অনিদ্রায় আক্রান্ত হয়। এই মহান বাণীর মাধ্যমে তিনি আমাদের শিক্ষা দিয়েছেন সমাজের একজন মানুষের দুঃখ-কষ্টকে অন্যদেরও নিজের দুঃখ-কষ্ট হিসেবে অনুভব করতে হবে।