বান্দরবানে পানি প্রকল্পের উন্নয়ন কাজ পরিদর্শন

ফন্ট সাইজ:

বান্দরবানে ‘পার্বত্য চট্টগ্রাম সমন্বিত ও টেকসই পৌর পানি সরবরাহ ও স্যানিটেশন উন্নয়ন প্রকল্পের’ চলমান কাজ পরিদর্শন করেছেন প্রকল্পের পরিচালক (পিডি) শফিকুল হাসানসহ এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রতিনিধিদল। মঙ্গলবার সকালে প্রকল্পের পরিচালক শফিকুল হাসান, উপ-পরিচালক মো. আল আমীন এবং এডিবি’র প্রতিনিধি এলমা মোরশেদ ও অমিত রায় বান্দরবান পৌরসভার ক্যাচিংঘাটা, উজানীপাড়া ও ইসলামপুর এলাকার প্রকল্পের কাজ পরিদর্শন করেন। পরে তারা পৌরসভার প্রশাসক এস এম মনজুরুল হকের সঙ্গে প্রকল্পের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
এর আগে, সোমবার প্রতিনিধিদলটি লামা উপজেলায় প্রকল্পের বিভিন্ন কাজ ও সম্ভাব্য বাস্তবায়ন এলাকা পরিদর্শন করে। সম্প্রতি প্রকল্পের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর এ পরিদর্শনকে গুরুত্বের সঙ্গে দেখছেন সংশ্লিষ্টরা।

পরিদর্শনকালে প্রকল্প পরিচালক শফিকুল হাসান বলেন, এডিবি’র অর্থায়নে বাস্তবায়নাধীন প্রকল্পের কাজে অনিয়ম ও দুর্নীতির কোনো সুযোগ নেই। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্র জানায়, পৌর এলাকার প্রকল্পের প্রায় ৮০ শতাংশ পাইপের কাজ শেষ হয়েছে। তবে ভূমি-সংক্রান্ত জটিলতার কারণে প্রকল্পের মূল কাজ এখনো পুরোপুরি শুরু করা সম্ভব হয়নি। জমি-সংক্রান্ত সমস্যা দ্রুত সমাধান হলে মূল কাজ শুরু করা সম্ভব হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এদিকে স্থানীয়দের অভিযোগ, প্রকল্পের কাজ নিয়ে ইতিমধ্যে অনিয়ম ও দুর্নীতির নানা অভিযোগ উঠেছে। তারা প্রকল্পের প্রতিটি কাজের মান, ব্যয় ও ঠিকাদারি কার্যক্রমে কঠোর নজরদারি এবং অভিযোগগুলো তদন্তের দাবি জানিয়েছেন।