সাগরে ভাসতে থাকা বোটসহ ১২ জেলেকে জীবিত উদ্ধার

ফন্ট সাইজ:

পূর্ব সুন্দরবনের শরলখোলা রেঞ্জের জেলে পল্লী দুবলা থেকে ১২ নটিক্যাল মাইল দক্ষিণে বঙ্গোপসাগরে মাছ ধরারত অবস্থায় এফবি মায়ের দোয়া নামের একটি ফিশিং ট্রলার ১২ জেলেসহ ইঞ্জিন বিকল হয়ে সাগরে ভাসতে থাকে। গত ২৩শে আগস্ট রাত সাড়ে ৮টার দিকে ট্রলারটি বিকল হয় বলে জানা গেছে। পরবর্তীতে ভাসতে ভাসতে মোবাইল নেটওয়ার্কের মধ্যে আসলে গত ২৪শে আগস্ট ট্রলার থেকে এক জেলে ট্রলার মালিককে বিষয়টি অবহিত করেন। পরে ট্রলার মালিক বিষয়টি কোস্ট গার্ডের জরুরি সেবা নাম্বারে ফোন করে সহায়তা চান।

পরে কয়েক ঘণ্টা সমুদ্রে অভিযান চালিয়ে কোস্ট গার্ডের সদস্যরা ট্রলারসহ ১২ জেলেকে জীবিত উদ্ধার করে। মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ড মোংলা পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। ট্রলারসহ জেলেদের মালিকপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।