সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক সড়কের জানীগাঁও এলাকায় যাত্রীবাহী বাস উল্টে শিউলি রাণী (৩০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। গত সোমবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিউলির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সিলেট থেকে সুনামগঞ্জগামী সানজিদ অ্যান্ড সামাইরা পরিবহনের গেটলক বাসটি জানীগাঁও এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি সড়কের উপর উল্টে যায়। এতে বাসের অন্তত ২০ যাত্রী আহত হন এবং ঘটনাস্থলে এক নারী নিহত হন। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজে অংশ নেন।
পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বাসের দরজা-জানালা কেটে আহত যাত্রীদের উদ্ধার করেন। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন শেখ বলেন, সিলেট থেকে সুনামগঞ্জ আসার পথে জানীগাঁও এলাকায় গেটলক একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস এবং স্থানীয়দের সহযোগিতায় বাসের দরজা-জানালা কেটে ২০ জন জীবিত যাত্রী ও এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
