চট্টগ্রাম নগরের এনায়েত বাজার ও দেবপাহাড় এলাকায় অবৈধ দখল ও স্থাপনার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। মঙ্গলবার নগরবাসীর অভিযোগের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে বিভিন্ন দোকান ও স্থাপনা উচ্ছেদের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সঙ্গে সড়কে রাখা বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়।
চসিক সূত্র জানায়, ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে পাওয়া অভিযোগের ভিত্তিতে এনায়েত বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সড়ক ও ফুটপাথ দখল করে রাখা বিভিন্ন দোকান ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। বিভিন্ন অনিয়মের দায়ে কয়েকটি দোকানকে অর্থদণ্ড দেয়া হয় এবং মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি সড়কের ওপর অবৈধভাবে রাখা বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়েছে। অভিযানকালে পথচারীদের চলাচলের প্রতিবন্ধকতা দূর করার পাশাপাশি সড়ক দখলমুক্ত করা হয়। অবৈধভাবে দখল করে ব্যবসা পরিচালনাকারীদেরও ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়।
এ ছাড়া একই অভিযোগের ভিত্তিতে নগরের দেবপাহাড় এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। সেখানে ড্রেনের ওপর নির্মাণ করা সব দোকান ও অবৈধ স্থাপনা অপসারণ করা হয়েছে। এতে ড্রেনের স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করার পাশাপাশি সড়ক ও আশপাশের এলাকার পরিবেশ ও চলাচলের প্রতিবন্ধকতা দূর হয়। চসিকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নগরবাসীর অভিযোগকে গুরুত্ব দিয়ে ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপের মাধ্যমে পাওয়া নাগরিক সমস্যা ও অনিয়মের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। সড়ক ও ফুটপাথ দখলমুক্ত রাখা, পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং নগরের পরিচ্ছন্নতা ও জনস্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। নগরের শৃঙ্খলা বজায় রাখা এবং জনদুর্ভোগ কমাতে অবৈধ দখল, অপরিচ্ছন্নতা ও জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী কর্মকাণ্ডের বিরুদ্ধে চসিকের অভিযান আরও জোরদার করা হবে বলেও সংশ্লিষ্টরা জানান।
