চিকিৎসায় অবহেলার অভিযোগে তদন্ত কমিটি গঠন

হবিগঞ্জে মুক্তিযোদ্ধা রফিকের দাফন সম্পন্ন

চিকিৎসায় অবহেলার অভিযোগে তদন্ত কমিটি গঠন

ফন্ট সাইজ:

জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের আহ্বায়ক, প্রেস ক্লাবের সাবেক সভাপতি, জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি এবং দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার হবিগঞ্জ শহরের কেন্দ্রীয় শাহী ঈদগাহ ময়দানে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে জেলা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে গার্ড অব অনার প্রদানের মধ্যদিয়ে শহরের রাজনগর কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, হুইপ জি কে গউছ এমপি, ডা. সাখাওয়াত হাসান জীবন এমপি, জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ, পুলিশ সুপার তারেক মাহমুদ, জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক অঙ্গনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সোমবার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এদিকে বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুকে ঘিরে চাঁদের হাসি হাসপাতালে চিকিৎসায় অবহেলার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে সোমবার রাতে শহরের কোর্ট মসজিদ এলাকার ওই হাসপাতালে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে পরিস্থিতি বেসামাল হয়ে পড়লে জাতীয় সংসদের হুইপ জি কে গউছ, জেলা প্রশাসক ড. সরফরাজ, পুলিশ সুপার তারেক মাহমুদ, সিভিল সার্জন রত্নদ্বীপ বিশ্বাস, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আমিনুল হকসহ বিএনপি নেতাকর্মী ও সাংবাদিকরা হাসপাতালে ছুটে যান। পরে স্থানীয় সংসদ সদস্য হুইপের নির্দেশনায় চিকিৎসায় অবহেলার অভিযোগ খতিয়ে দেখতে সিভিল সার্জন ডা. রত্নদ্বীপ বিশাসকে আহ্বায়ক করে ৩ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন।

স্বজনদের অভিযোগ, গোলাম মোস্তফা রফিক বুকে ব্যথা অনুভব করলে সদর হাসপাতাল থেকে হেঁটে চাঁদের হাসি হাসপাতালে যান। সেখানে তিনি চিকিৎসক ডা. সুলেমান মিয়াকে দেখান এবং পর্যবেক্ষণে থাকেন। এ সময় তার ইন্টার্নি আল আমিন একটি ইনজেকশন দিতে গেলে তিনি আপত্তি জানান। তাদের ভাষ্য, তিনি ওই ইনজেকশন দিলে তার অবস্থা খারাপ হয়ে যেতে পারে বলে জানান এবং অন্য একটি ইনজেকশন দেয়ার কথা বলেন। কিন্তু আল আমিন তার কথায় কর্ণপাত না করে ডা. সুলেমানের দেয়া ইনজেকশন পুশ করেন।

ইনজেকশন দেয়ার পরপরই গোলাম মোস্তফা রফিক মৃত্যুর কোলে ঢলে পড়েন বলে স্বজনদের অভিযোগ। এদিকে বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকে মৃত্যুতে জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি ডা. কামরুল হাসান তরফদার, সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দীন আহমদ, আন্তর্জাতিক ও প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক সাংবাদিক মো. মিজানুর রহমান এসোসিয়েশনের পক্ষে শোক ও সমেবেদনা জ্ঞাপন করেছেন।