নারায়ণগঞ্জে প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে গণঅনশন

নারায়ণগঞ্জে প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে গণঅনশন

ফন্ট সাইজ:

নারায়ণগঞ্জে প্রি-পেইড মিটার বাতিল দাবিতে ও অতিরিক্ত বিলের প্রতিবাদে গণঅনশন করেছে নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরাম। গতকাল সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নারায়ণগঞ্জ প্রেস ক্লাব প্রাঙ্গণে আয়োজিত গণঅনশন কর্মসূচিতে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি এডভোকেট মাহাবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের আহ্বায়ক এডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, এডভোকেট জাহাঙ্গীর আলম জাগু, বীর মুক্তিযোদ্ধা রমজানুল রশিদ, জেলা দোকান মালিক সমিতির সভাপতি মো. শাহজাহানসহ নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের নেতৃবৃন্দ, বিভিন্ন এলাকায় পঞ্চায়েত, মসজিদ কমিটি ও দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ।

গণঅনশন কর্মসূচিতে বক্তারা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে নেয়া হাজার হাজার কোটি টাকার ইভিএম বাতিল হলে প্রি-পেইড মিটার কেন বাতিল হবে না। যেসব এলাকায় প্রি-পেইড মিটার লাগানো হয়েছে তাদের দুর্ভোগের শেষ নেই। সাধারণ গ্রাহকদের ওপর একতরফাভাবে প্রি-পেইড মিটার চাপিয়ে দেয়ার চেষ্টা করলে এর পরিণতি ভালো হবে না। ইতিমধ্যে বিভিন্ন এলাকায় প্রি-পেইড মিটারের বিরুদ্ধে গণপ্রতিরোধ শুরু হয়ে গেছে।

অবিলম্বে প্রি-পেইড মিটার বাতিল করতে হবে। ফ্যাসিস্ট সরকারের গণবিরোধী প্রি-পেইড মিটার প্রকল্প বাতিল না করলে ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে এর দায় বর্তমান সরকারকে নিতে হবে। দুপুর পৌনে একটার দিকে কর্মসূচিতে সংহতি প্রকাশ করে পানি পান করিয়ে গণঅনশন ভঙ্গ করান নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি এডভোকেট আবুল কালাম। এ সময় এমপি এডভোকেট আবুল কালাম বলেন, আপনাদের দাবির সঙ্গে আমি একাত্মতা পোষণ করছি। আপনাদের দাবি আমি জাতীয় সংসদে উত্থাপন করার চেষ্টা করবো। আশা করবো, আলোচনার মাধ্যমে আপনাদের দাবির বিষয়টি সমাধান হবে।