লালপুরে ‘১৪৪ ধারা জারি’ করা ছাত্রদল নেতা বহিষ্কার

লালপুরে ‘১৪৪ ধারা জারি’ করা ছাত্রদল নেতা বহিষ্কার

ফন্ট সাইজ:

লালপুরে স্থানীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে অতিথি না করায় ‘১৪৪ ধারা জারি করা হয়েছে’ বলে মাইকিং করার ঘটনায় ছাত্রদল নেতা মো. মারুফ আলীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল সকালে নাটোর জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক কে.এম. কামরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে মারুফ আলীকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছিল। তবে তার জবাব সন্তোষজনক না হওয়ায় এবং অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় তাকে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সব দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের শৃঙ্খলা ও ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। একইসঙ্গে জেলা ছাত্রদলের নেতাকর্মীদের বহিষ্কৃত ব্যক্তির সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেয়া হয়েছে। সিদ্ধান্তটি অনুমোদন করেছেন জেলা ছাত্রদলের সভাপতি মো. কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. মারুফ ইসলাম সৃজন।

উল্লেখ্য, লালপুর উপজেলার কেশবপুর গ্রামে প্রায় ছয় দশক ধরে নিয়মিত ফুটবল টুর্নামেন্ট হয়ে আসছে। এবারো স্থানীয় কলেজ, উচ্চ বিদ্যালয়, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও চাকরিজীবীদের নিয়ে ছয়টি দল এতে অংশ নেয়। গত শুক্রবার জুমার নামাজের পর টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
অভিযোগ রয়েছে, টুর্নামেন্ট শুরুর পর থেকেই ছাত্রদল নেতা মারুফ আলী ফাইনাল খেলায় পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম মোলামকে প্রধান অতিথি এবং তাকে বিশেষ অতিথি করার দাবি জানিয়ে আসছিলেন। তবে আয়োজকরা দীর্ঘদিনের ঐতিহ্য অনুযায়ী কোনো রাজনৈতিক বা প্রশাসনিক ব্যক্তিকে অতিথি না করার সিদ্ধান্তে অটল থাকেন।

এতে ক্ষুব্ধ হয়ে মারুফ আলী নিজ উদ্যোগে মাইক ভাড়া করে গ্রামে ‘১৪৪ ধারা জারি করা হয়েছে’ এবং সেখানে কেউ খেলতে পারবেন না বলে প্রচার করেন। এর পর ফাইনাল ম্যাচটি বন্ধ হয়ে যায়। ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়।