চট্টগ্রামে পরিবহন শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ওসিসহ আহত ৭

চট্টগ্রামে পরিবহন শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ওসিসহ আহত ৭

ফন্ট সাইজ:

চট্টগ্রাম নগরের হালিশহরে চট্টগ্রাম আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে পরিবহন শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসানসহ চার পুলিশ সদস্য এবং কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে হালিশহর ঈদগাহ এলাকার দুলহান কমিউনিটি সেন্টারে ভোটগ্রহণ চলাকালে এ সংঘর্ষের সূত্রপাত হয়। পুলিশ ও সংশ্লিষ্টদের ভাষ্য, সকাল থেকে ভোটগ্রহণ চলছিল। ভোটকেন্দ্রে অব্যবস্থাপনা, ভোট দিতে দেরি হওয়া এবং জাল ভোট দেয়ার অভিযোগকে কেন্দ্র করে শ্রমিকদের দুই পক্ষের মধ্যে প্রথমে কথাকাটাকাটি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এগিয়ে গেলে একপর্যায়ে শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। পরে কয়েকজন শ্রমিক পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। সংঘর্ষে ওসিসহ চার পুলিশ সদস্য আহত হন। আহত পুলিশ সদস্যদের দামপাড়া পুলিশ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। হালিশহর থানার ওসি কাজী মুহাম্মদ সুলতান আহসান বলেন, ভোটকেন্দ্রের অব্যবস্থাপনা নিয়ে শ্রমিকদের ক্ষোভ থেকেই ঘটনার সূত্রপাত। সংঘর্ষে তিনি ছাড়াও আরও তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এদিকে সংঘর্ষের পর বিক্ষুব্ধ পরিবহন শ্রমিকরা নগরের কদমতলী ও অলংকার এলাকায় সড়ক অবরোধ করে রাখেন। চট্টগ্রাম আন্তঃজেলা বাস মালিক সমিতির সচিব মনোয়ার হোসেন বলেন, সংঘর্ষের ঘটনায় তাদের পর্যবেক্ষক দলেরও কয়েকজন আহত হয়েছেন। শ্রমিকেরা ইটপাটকেল নিক্ষেপের পর পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। এরপরই পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।