সিদ্ধিরগঞ্জে সজীব (৩০) নামে এক পরিবহন শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের গোদনাইল ধনকুণ্ডা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সজীব সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল নয়াপাড়া এলাকার মো. জাহাঙ্গীর মিয়ার ছেলে। তিনি তেলের গাড়ির হেলপার হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে সজীব গোদনাইল ধনকুণ্ডা ক্যানেলপাড় এলাকার জাহিদ নামে এক ব্যক্তির চায়ের দোকানে যান। এ সময় অজ্ঞাত ১০ থেকে ১২ জন ব্যক্তি তাকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে স্বজনরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা দেনা-পাওনা নিয়ে দ্বন্দ্বের জেরে হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এদিকে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। হত্যাকাণ্ডে ব্যবহৃত কোনো অস্ত্রও উদ্ধার হয়নি। হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
