ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত

ফন্ট সাইজ:

ময়মনসিংহ ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় বাবজু (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় দুই পক্ষের ৪ জন আহত হয়েছে। সোমবার রাত ৯টার দিকে খাগডহর ইউনিয়নের খাগডহর মধ্যপাড়া গ্রাম দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটনা ঘটে। নিহত বাবজু ওই এলাকার জজ মিয়ার ছেলে। কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ রফিকুল ইসলাম ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার বিকালে খাগডহর মধ্যপাড়ার একটি মাঠে ফুটবল খেলা হচ্ছিল। এ সময় আরিফ (১৬) তাকে খেলায় নিতে বলে- তবে শাকিব (১৭) নামে আরেক কিশোর তাকে খেলায় নিবে না বলে জানায়।

পরে আরিফ মাঠের একপাশের বাঁশের বারপোস্ট তুলে ফেলে। এ নিয়ে আরিফ ও শাকিবের মাঝে হাতাহাতি হয়। এই ঘটনায় আরিফ তার বাড়িতে এসে জানালে তার লোকজন শাকিবের এলাকায় গিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে নিহত বাবজুসহ ৫ জন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলার পর ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।