মাদারীপুরে পুকুরের পানিতে পড়ে ৫ বছর বয়সী যমজ দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল দুপুর একটার দিকে রাজৈর উপজেলার মোল্লাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তাবাসসুম ও তাহারিয়া ওই গ্রামের নাসির উদ্দিনের মেয়ে। পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে বাড়ির পাশের পুকুরপাড়ে খেলছিল তাবাসসুম ও তাহারিয়া। খেলতে গিয়ে দু’জনে পুকুরে পড়ে পানিতে তলিয়ে যায়। বাড়ির লোকজন খোঁজাখুঁজি করে দুই বোনকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
যমজ বোনের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম জানান, দুই বোনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাটি খুবই দুঃখজনক।
