২০২৪ সালের ডিসেম্বরে অপহৃত হয়ে হামলার শিকার হয়েছিলেন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পিপি এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। এরপর গোপনে তিনি সিলেট ছাড়েন। বর্তমানে তিনি লন্ডনে বসবাস করছেন। দেশ থেকে ইমিগ্রেশন পাড়ি দিয়ে তিনি লন্ডনে যান। সেই মিসবাহ সিরাজকে নিয়ে সোমবার রাতভর গুঞ্জন ছড়িয়ে পড়ে সিলেটে। নেট দুনিয়াও সরব হয়। একটি ভুয়া ছবি প্রচার করে গুঞ্জন ছড়ানো হয় মিসবাহ সিরাজ কানাইঘাটের আলোচিত ডনা সীমান্ত এলাকায় আটক হয়েছেন। এ নিয়ে তোলপাড় শুরু হয়। দেখা দেয় রহস্য।
তবে এই গুঞ্জনকে গুঞ্জন বলে দাবি করে ঘটনার ইতি ঘটায় কানাইঘাট থানার ওসি আমিনুল ইসলাম। গণমাধ্যমকে ঘটনার বিষয়ে তিনি জানান- বিভিন্ন মাধ্যমে এমন খবর পাওয়া গেলেও যাচাই করে এর কোনো সত্যতা পাওয়া যায়নি। বিষয়টি আপাতত গুজব বলেই মনে হচ্ছে। এদিকে লন্ডনে থাকা মিসবাহ সিরাজও এ রহস্য খোলাসা করেছেন। তিনি গণমাধ্যমকে জানিয়েছেন- তিনি লন্ডনে আছেন, ভালো আছেন।
