পরীক্ষায় নকল করে বহিষ্কার হলেন রাবি’র সিনেট প্রতিনিধি

ফন্ট সাইজ:

পরীক্ষায় নকল করতে গিয়ে ধরা পড়ার দায়ে এক বছরের জন্য বহিষ্কার হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের শিক্ষার্থী ও সিনেট প্রতিনিধি আকিল বিন তালেব। তথ্যটি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের প্রধান অধ্যাপক হাসনাত কবির। অধ্যাপক হাসনাত কবির বলেন, পরীক্ষায় নকল ধরার পর প্রশাসনের কাছে রিপোর্ট পাঠায় আইন বিভাগ। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনের একটা কমিটি আছে তাদের সুপারিশে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম সিন্ডিকেট তাকে এক বছরের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে।

জানা যায়, গত ২রা জানুয়ারি রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনে আকিল বিন তালেব মাস্টার্সের চূড়ান্ত পরীক্ষায় নকল করতে গিয়ে ধরা পড়েন। এ বিষয়ে আইন বিভাগের শিক্ষার্থী ও সিনেট প্রতিনিধি আকিল বিন তালেব বলেন, আমি এ বিষয়ে কিছু জানি না। আমায় কিছু জানানো হয়নি। এ বিষয়ে আইন বিভাগের সভাপতি অধ্যাপক সাঈদা আঞ্জুর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।