নগরীর ১ নম্বর ফাঁড়ি পুলিশের ২৭ পুলিশ সদস্যকে একযোগে প্রত্যাহার করা হয়েছে। একইসঙ্গে তাদের পৃথক পৃথক আদেশে অন্যান্য থানায় জনস্বার্থে বদলির আদেশ দেয়া হয়। গত সোমবার সন্ধ্যায় জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নগরীর ১ নম্বর ফাঁড়ি ইনচার্জ মাহাবুব মিল্কী, ৪ জন এসআই, ৫ জন এএসআই এবং ১৭ জন কনস্টেবল’সহ মোট ২৭ জনকে পৃথক পৃথক অফিস আদেশে জনস্বার্থে বদলি করা হয়েছে। অতি দ্রুত ফাঁড়িতে নতুন দায়িত্বপ্রাপ্তদের পদায়ন করা হবে।
থানা পুলিশ সূত্র জানায়, গত ২১শে আগস্ট নগরীর ১ নম্বর ফাঁড়ি পুলিশের আওতাভুক্ত গাঙ্গিনাপাড় এলাকায় ঝটিকা মিছিল করে যুবলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে একযোগে ১ নম্বর পুলিশ ফাঁড়ি ইনচার্জসহ দায়িত্বে থাকা সবাইকে বদলি করা হয়েছে।
এদিকে, ২১শে আগস্ট বিক্ষোভ মিছিলের ঘটনার পর থেকে বিগত ৪ দিনে পুলিশের টানা অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের ২০ নেতাকর্মী গ্রেপ্তার করা হয়েছে। কোতোয়ালি মডেল থানার ওসি মো. শিবিরুল ইসলাম বলেন, গত ২১শে আগস্ট যুবলীগের ঝটিকা মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে উপ-পরিদর্শক (এসআই) মাজহার বাদী হয়ে ৪৩ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করে একটি মামলা দায়ের হয়। এ ছাড়াও এই মামলায় অন্য আসামিদের গ্রেপ্তার অভিযান চলমান রয়েছে বলেও জানান ওসি।
