দৌলতপুরে বিএনপি’র দু’গ্রুপের সংঘর্ষ

ফন্ট সাইজ:

কুষ্টিয়ার দৌলতপুরে বিএনপি’র দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে শাহীন ওরফে গেদু (৪০) নামে এক বিএনপিকর্মী গুরুতর আহত হয়েছেন। গতকাল দুপুর ১টার দিকে উপজেলার শিল্পনগরী আল্লারদর্গা বাজারে হামলা ও সংঘর্ষের এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদক ব্যবসাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে স্থানীয় বিএনপিকর্মী সুজন ও শাহীন গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে মঙ্গলবার দুপুরে আল্লারদর্গা বাজারে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় খন্দকার গোলাম গাউসের ছেলে শাহীন ওরফে গেদুকে একই এলাকার বজু খন্দকারের ছেলে মো. সুজন (২৫), দুলু খন্দকারের ছেলে জনি (৩০)সহ ৭-৮ জন ধারালো চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। হামলার বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, আল্লারদর্গা বাজারে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে একজন আহত হয়েছেন।