জেরার্ড জোন্সকে ছাড়াই উজবেকিস্তান যাচ্ছে বাংলাদেশ!

জেরার্ড জোন্সকে ছাড়াই উজবেকিস্তান যাচ্ছে বাংলাদেশ!

ফন্ট সাইজ:

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্ব খেলতে আজ উজবেকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা বাংলাদেশ দলের। অথচ গুরুত্বপূর্ণ এই সফরের ঠিক আগমুহূর্তে প্রধান কোচ জেরার্ড জোন্সকে ঘিরে তৈরি হয়েছে নাটকীয় পরিস্থিতি। গতকাল হওয়ার কথা ছিল দলের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। শেষ মুহূর্তে তা স্থগিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ‘অনিবার্য কারণ’ দেখিয়ে সংবাদ সম্মেলন বাতিল করা হলেও নেপথ্যে যে জেরার্ড জোন্সকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতি, সেটি এখন অনেকটাই স্পষ্ট। সম্প্রতি ঢাকার টিম হোটেলে জেরার্ড জোন্স ও দলের সহকারী কোচ আতিকুর রহমান মিশুর মধ্যে অনাকাঙ্ক্ষিত হাতাহাতি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। সেই ঘটনায় জোন্স পুলিশের জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। একইসঙ্গে ঢাকাস্থ বৃটিশ হাইকমিশনকেও বিষয়টি জানান। তার ফোন পেয়ে পুলিশও হোটেলে যায়।

ঘটনার পর নিজের ফেসবুক পেজে দেয়া ভিডিও বার্তায় জোন্স দাবি করেন, কর্মস্থলে তিনি শারীরিক হামলার শিকার হয়েছেন এবং এখনো নিজেকে নিরাপদ মনে করছেন না। আঘাতের ছবি সংযুক্ত করে বাফুফেকে লিখিত অভিযোগ দেয়ার পরও ফেডারেশনের কাছ থেকে কোনো সহায়তা পাননি বলেও অভিযোগ করেন তিনি। এর আগে পরিবারের কাছে বেতনের টাকা পাঠাতে না পারার অভিযোগ তুলে বাফুফের সমালোচনা করেছিলেন জোন্স। নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। এবার সহকারী কোচের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে ফের ফেডারেশনের দিকে আঙ্গুল তুললেন এই বৃটিশ কোচ। এদিকে হোটেলে হাতাহাতি এবং পুলিশ ডাকার ঘটনা প্রকাশ্যে আসার পরই জোন্সকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়ার খবর ছড়িয়ে পড়ে। বাফুফের একটি সূত্র জানিয়েছে, জোন্সকে ছাড়াই বাংলাদেশ দলকে উজবেকিস্তানে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। তার জায়গায় সহকারী কোচ আতিকুর রহমান মিশুকে দায়িত্ব দেয়ার কথাও জানা গেছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বাফুফে।

বরং জেরার্ড জোন্সের বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করেছে। নিজের দেয়া ভিডিও বার্তায় তিনি দাবি করেছেন, তাকে বরখাস্ত করার বিষয়ে বাফুফে এখনো তাকে কিছু জানায়নি। জানা গেছে, কোচদের মধ্যে এমন বিরোধ এবং পুলিশ ডাকার মতো ঘটনায় সাংবাদিকদের কঠিন প্রশ্নের মুখোমুখি হওয়ার আশঙ্কাতেই শেষ মুহূর্তে সংবাদ সম্মেলন বাতিল করেছে বাফুফে। ফলে উজবেকিস্তান সফরের ঠিক একদিন আগে বাংলাদেশ দলকে ঘিরে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। সব মিলিয়ে এখন সবচেয়ে বড় প্রশ্ন- জেরার্ড জোন্স কি সত্যিই দলের সঙ্গে উজবেকিস্তান যাচ্ছেন, নাকি শেষ মুহূর্তে তাকে সরিয়ে দেয়া হয়েছে? বাফুফের আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত এর উত্তর মিলছে না।

আগামী ৩১শে আগস্ট উজবেকিস্তানে শুরু হবে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্ব। গুরুত্বপূর্ণ এই প্রতিযোগিতার আগে কোচকে ঘিরে এমন অনিশ্চয়তা নিঃসন্দেহে বাংলাদেশের প্রস্তুতি ও দলের পরিবেশ নিয়েও প্রশ্ন তৈরি করেছে।