অক্টোবরে ভারতের বিকল্প আফগানিস্তান

অক্টোবরে ভারতের বিকল্প আফগানিস্তান

ফন্ট সাইজ:

চলতি মাসের শেষে ভারত দলের বাংলাদেশ সফরে আসার কথা ছিল। সব কিছু ঠিক থাকলে অক্টোবরে ভারতের বিপক্ষে দেশের মাটিতে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতো বাংলাদেশ। শেষ মুহূর্তে বাংলাদেশ সফরে আসেনি ভারত। জানা গেছে আগামী ডিসেম্বর জানুয়ারিতে নতুন সূচিতে বাংলাদেশে আসতে চায় দেশটি। যদিও নতুন করে সূচি এখনো তৈরি হয়নি। তবে ভারত না আসলেও অক্টোবরে দল ক্রিকেট থেকে দূরে থাকবে না শান্ত-মিরাজরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শেষে ক্রিকেটারদের দেশে ফিরে বিশ্রামের সুযোগ নেই। আগামী মাসের শুরুতে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের আয়োজনে টেস্ট ও সাদা বলের সিরিজ খেলতে যাবে ক্রিকেটাররা। যদিও ম্যাচগুলোর সূচি
এখনো চূড়ান্ত হয়নি। সফর সম্পর্কে গতকাল বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান আসিফ রাব্বানী মানবজমিনকে বলেন, ‘ভারত আসছে না, এই সিরিজটি নতুন করে সূচি করতে হবে।

এখনো ঠিক হয়নি ভারত কবে আসবে নতুন সূচিতে। তবে এই সময়টাতে আরেকটি সিরিজ খেলবে বাংলাদেশ। দুবাইয়ে আফগানিস্তানের আয়োজনে একটি টেস্ট ও একটি সাদা বলের সিরিজ খেলবে। আর সাদা বলের সিরিজ ওয়ানডে নাকি টি-টোয়েন্টি সেটিও নিশ্চিত হয়নি। ধারণা করছি ওয়ানডে হবে।’ জানা গেছে ১-২০শে অক্টোবরের মধ্যে সিরিজটি শেষ করতে চায় আফগানিস্তান। বিসিবি’র ক্রিকেট অপারেশন্স বিভাগের ম্যানেজার শাহরিয়ার নাফীস জানিয়েছেন অক্টোবরের প্রথম ভাগে শুরু হয়ে সিরিজটি ২০শে অক্টোবরের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে। কারণ অক্টোবরের শেষ ভাগে ওয়েস্ট ইন্ডিজ দল বাংলাদেশ সফরে আসবে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে।
অন্যদিকে আফগানদের বিপক্ষে টেস্ট ছাড়াও সিরিজে ওয়ানডে নাকি টি-টোয়েন্টি তাও এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে নাফীস বলেন, ‘যেহেতু আফগানিস্তান সিরিজটি আয়োজন করছে আমাদের এখনো জানায়নি সাদা বলের সিরিজ ওয়ানডে হবে নাকি টি-টোয়েন্টি, তারাই সেটি সিদ্ধান্ত নিবে। অক্টোবরের শেষ দিকে বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ যে কারণে দুবাইয়ে সিরিজটি তার আগেই শেষ করতে হবে।

আগামী মাসের ১-২০ তারিখের মধ্যেই সিরিজটি আয়োজন হবে। সূচি ঘোষণা করবে আফগান ক্রিকেট বোর্ড।’ গুঞ্জন রয়েছে ওয়ানডে সিরিজটি ত্রিদেশীয়ও হতে পারে। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে জিম্বাবুয়ে দল যুক্ত হতে পারে। জিম্বাবুয়ে খেলতে সম্মতি জানালে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়ের অংশগ্রহণে এটি ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে রূপ নেবে। এতে ম্যাচের সংখ্যা বাড়বে। জিম্বাবুয়ের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে আয়োজকরা। তারা সম্মতি দিলে অক্টোবরের শুরুতেই এই খেলা আয়োজিত হবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজটি ১-১ ব্যবধানে শেষ করেছে বাংলাদেশ। টেস্ট মর্যাদা পাওয়ার পর থেকে ৮০টির বেশি টেস্ট সিরিজ খেলেছে দল। আফগানিস্তানের বিপক্ষে দু’টি টেস্ট সিরিজের ফলাফল ১-১ সমতায় রয়েছে। ২০১৯-এ চট্টগ্রামে
অনুষ্ঠিত টেস্টে ২২৪ রানে জয় পায় আফগানিস্তান।

পরবর্তীতে ২০২৩-এ মিরপুরে অনুষ্ঠিত টেস্ট ম্যাচে বাংলাদেশ ৫৪৬ রানের ব্যবধানে জয় পেয়েছিল। আফগানিস্তান সিরিজ শেষে দেশে ফিরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দু’টি টেস্ট খেলবে বাংলাদেশ। এরপর দল দক্ষিণ আফ্রিকা সফর করবে। সেখানে দু’টি টেস্ট ম্যাচ খেলবে শান্তরা। ম্যাচ দু’টি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। প্রথম টেস্ট ১৫-১৯শে নভেম্বর জোহানেসবার্গে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় টেস্ট ২৩-২৭শে নভেম্বর সেঞ্চুরিয়নে অনুষ্ঠিত হবে। এই টেস্ট ম্যাচের পর ডিসেম্বর মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। অন্যদিকে ভারতের সিরিজ নতুন সূচিতে করা নিয়ে মিডিয়া বিভাগের চেয়ারম্যান বলেন, ‘ভারত জানিয়েছে সিরিজটি তারা পরে খেলবে। তাই নতুন করে সূচি তৈরি করতে হবে। এটি কবে হবে- তা নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি।’ তবে ধারণা করা হচ্ছে দুই দেশের রাজনৈতিক সম্পর্কের উন্নতি না হওয়া পর্যন্ত ভারতের বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তা কাটবে না!