ইংল্যান্ডের প্রথম শ্রেণির ক্রিকেট কাউন্টি চ্যাম্পিয়নশিপে কেন্ট ক্লাবের হয়ে নজর কাড়েন টাইগার পেসার হাসান মাহমুদ। দুই ম্যাচে নেন ১২ উইকেট। ওই ক্লাবের হয়ে খেলার ডাক পেয়েছেন বাংলাদেশি পেসার সৈয়দ খালেদ আহমেদ। শরীফুল ইসলামের জায়গায় ডানহাতি এ পেসারকে নিয়েছে তারা। এর আগে চলতি মৌসুমের চার ম্যাচের জন্য বাঁহাতি পেসার শরীফুলকে চেয়েছিল কেন্ট। তবে ওয়ার্কলোড বিবেচনায় বিসিবি তাকে ছাড়পত্র না দেয়ায় খালেদকে নিয়েছে কেন্ট।
প্রথম বাংলাদেশি হিসেবে কাউন্টি ক্রিকেটে নাম লেখান সাকিব আল হাসান। ২০১০ সালে তিনি ওস্টারশায়ার ক্লাবের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপ ও টি-টোয়েন্টি খেলেন। ২০১১ সালে একই ক্লাবে পুনরায় যোগ দেন। দীর্ঘ বিরতি দিয়ে ২০২৪ সালে সারে কাউন্টি ক্লাবের হয়ে সমারসেটের বিরুদ্ধে একটি প্রথম-শ্রেণির ম্যাচ খেলেন এবং দারুণ বোলিং পারফরম্যান্স দেখান। সাকিবের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ওপেনার তামিম ইকবাল নটিংহ্যামশায়ার ক্লাবের হয়ে ২০১১ সালে চুক্তিবদ্ধ হন। তাদের হয়ে ফ্রেন্ডস লাইফ টি-২০ ব্ল্যাস্টে অংশ নেন।
সেখানে ৫টি টি-টোয়েন্টি খেলে ১০৪ রান করেন। ২০১৬ সালে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান কাউন্টি দল সাসেক্স-এর হয়ে টি-টোয়েন্টি ব্লাস্ট এবং রয়্যাল লন্ডন ওয়ানডে কাপ খেলতে ইংল্যান্ড যান। অভিষেক ম্যাচেই এসেক্সের বিরুদ্ধে ২৩ রানে ৪ উইকেট নিয়ে দলকে জেতাতে বড় ভূমিকা রাখেন। তবে ইনজুরির কারণে তিনি সেবার পুরো আসর শেষ করতে পারেননি। বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল, এনামুল হক জুনিয়র, ইমরুল কায়েস এবং শামসুর রহমান ইংল্যান্ডের বিভিন্ন ‘মাইনর কাউন্টি’ বা লোয়ার টায়ার ক্রিকেট লীগে খেলেছেন।
