এশিয়ান প্যারা গেমসের প্রস্তুতি পরিদর্শনে এমপি মাহমুদা হাবীবা

এশিয়ান প্যারা গেমসের প্রস্তুতি পরিদর্শনে এমপি মাহমুদা হাবীবা

ফন্ট সাইজ:

জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠেয় এশিয়ান প্যারা গেমসের জন্য প্রস্তুতি চলছে পুরোদমে। গতকাল ঢাকা জাতীয় স্টেডিয়ামে প্যারা অ্যাথলেটদের প্রস্তুতি দেখতে হাজির হয়েছিলেন সংসদ সদস্য মাহমুদা হাবীবা। এ সময় ন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটি অব বাংলাদেশের (এনপিসি) সহ-সভাপতি সানোয়ার হোসেন, মহাসচিব ড. মারুফ আহমেদ মৃদুল, মো. হেদায়তুল আজিজ, কোষাধ্যক্ষ মো. আসিসুল হাসান মাসুদ এবং নির্বাহী সদস্য মো. আনোয়ার কবির চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে ক্যাম্পে অংশ নেয়া প্যারা অ্যাথলেটদের মধ্যে উন্নতমানের স্পাইকড অ্যাথলেটিক্স জুতা বিতরণ করা হয়।

খেলোয়াড়দের সঙ্গে কুশল বিনিময় করে তাদের প্রশিক্ষণ, প্রস্তুতি ও বিভিন্ন বিষয়ে খোঁজ নেন মাহমুদা হাবীবা। একইসঙ্গে অ্যাথলেটদের নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের প্রশংসা করে আগামী আন্তর্জাতিক আসরে আরও ভালো ফলের জন্য তাদের উৎসাহিত করেন। ক্রীড়াক্ষেত্রে সরকারের পৃষ্ঠপোষকতার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান মাহমুদা হাবীবা। সরকারের সহযোগিতা প্যারা অ্যাথলেটদের আরও বড় সাফল্য অর্জনে অনুপ্রাণিত করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এবারের এশিয়ান প্যারা গেমসে বাংলাদেশ ছয়টি ডিসিপ্লিনে অংশ নেবে। এগুলো হলো- প্যারা অ্যাথলেটিকস, প্যারা আরচারি, প্যারা ব্যাডমিন্টন, বোচিয়া, প্যারা সুইমিং ও প্যারা টেবিল টেনিস। টঙ্গীর আরচারি ট্রেনিং গ্রাউন্ড, জাতীয় স্টেডিয়াম, শহীদ তাজউদ্দিন ইনডোর স্টেডিয়াম, সাভার সিআরপি এবং সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে এশিয়ান প্যারা গেমসের ক্রীড়াবিদদের অনুশীলন চলছে।