নাটোরের নলডাঙ্গায় নদীভাঙন রোধে প্রতি বছর জিওব্যাগ (জিআই ব্যাগ) ফেলে অস্থায়ীভাবে বাঁধ রক্ষার চেষ্টা করছে নাটোর পানি উন্নয়ন বোর্ড। উপজেলার শ্যামনগর এলাকায় জিআই ব্যাগে নদীভাঙন রোধের চেষ্টা হচ্ছে মাত্র। স্থায়ী সমাধানের দাবিতে সমপ্রতি এলাকাবাসী মানববন্ধন করেছেন। স্থানীয়দের অভিযোগ, এ পদ্ধতিতে দীর্ঘমেয়াদে নদীভাঙন ঠেকানো সম্ভব হচ্ছে না। যদি এখানে বাঁধটি ভেঙে যায় তাহলে নাটোরে পানি চলে যাবে। আর এই বাঁধ রক্ষায় তার দিয়ে আটকিয়ে রাখা হয়েছে। স্থানীয় এলাকাবাসী ফরিদা বেগম, জাহেদ আলীসহ অনেকের দাবি, প্রতি বছর বিপুল পরিমাণ জিওব্যাগ ব্যবহার করলেও স্থায়ী ও টেকসই অবকাঠামো নির্মাণ করা হচ্ছে না।
ফলে বর্ষা মৌসুমে নদীর তীব্র স্রোতে ভাঙন অব্যাহত থাকে এবং কৃষি জমি, বসতবাড়ি ও বিভিন্ন স্থাপনা হুমকির মুখে পড়ে। স্থানীয় বাসিন্দারা দ্রুত নদীতীরে শক্ত ও স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন। এ বিষয়ে নাটোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রিফাত করিম বলেন, নদীভাঙন রোধে ও বাঁধ রক্ষায় নলডাঙ্গার শ্যামনগর এলাকায় চলমান অর্থবছরে কাজটি সম্পন্ন করা হবে। কাজটি সম্পন্ন হলে ওই স্থানে যে ঝুঁকি রয়েছে, তা দীর্ঘস্থায়ী সমাধান হয়ে যাবে।
