ফেলে রাখা ব্যাগে কান্নার শব্দ, সদ্যোজাত কন্যাশিশু উদ্ধার

ফেলে রাখা ব্যাগে কান্নার শব্দ, সদ্যোজাত কন্যাশিশু উদ্ধার

ফন্ট সাইজ:

বরগুনার বামনা উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সামনে প্রধান সড়কের পাশ থেকে কান্নার শব্দ শুনে বাজারের ব্যাগে ভোরে ফেলে রাখা এক সদ্যোজাত কন্যাশিশুকে উদ্ধার করেছেন স্থানীয়রা। গত সোমবার বিকাল ৫টার সময় শিশুটিকে উদ্ধার করে তাৎক্ষণিক বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। বর্তমানে শিশুটি ফায়ার সার্ভিসের সামনে চা-বিক্রেতা তারিক হোসেনের বোনের তত্ত্বাবধানে রয়েছে। জানা যায়, বামনা ফায়ার সার্ভিস অফিসের সামনে বাবুল মিয়া নামে এক ব্যক্তি প্রথমে শিশুটির কান্নার শব্দ শুনতে পান। পরে তিনি বিষয়টি ফায়ার ফাইটার কামরুজ্জামানকে জানান। কামরুজ্জামান ও চা-বিক্রেতা তারিক হোসেন শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে শিশুটির পরিচর্যার জন্য তারিক তাকে নিজের জিম্মায় নেন।

বর্তমানে শিশুটি তার বোনের তত্ত্বাবধানে রয়েছে। ফায়ার ফাইটার কামরুজ্জামান বলেন, শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তারিক নিজের জিম্মায় বাড়িতে নিয়ে যান। শিশুটিকে জিম্মায় নেয়া তারিক বলেন, আমি শিশুটিকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করিয়েছি। বর্তমানে আমার বোনের তত্ত্বাবধানে শিশুটিকে সুস্থ করে তোলার চেষ্টা করছি। তিনি আরও বলেন, শিশুটিকে অনেকেই নিতে চাচ্ছেন। কিন্তু আমি শিশুটিকে কারও কাছে দেবো না। আমার বোনের পরিচয়ে শিশুটি বড় হবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোসা. নিকহাত আরা বলেন, শিশুটি আমাদের হেফাজতে রয়েছে। পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে। থানার ওসি মো. ফারুক হোসেন খান বলেন, শিশু উদ্ধারের বিষয়ে শুনেছি। তবে এখনো বিস্তারিত খোঁজখবর নিতে পারিনি। খোঁজ নিয়ে বিস্তারিত জানাবো।