পচে গেছে ৫০ লাখ টাকার পিয়াজ

ঋণের চাপে ব্যবসায়ীর আত্মহত্যার অভিযোগ

ফন্ট সাইজ:

ব্যবসায় লোকসান ও কয়েক কোটি টাকার ঋণের চাপ সইতে না পেরে হারুন অর রশিদ খালেক (৩৮) নামে এক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার দিবাগত রাতে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের বিরিকয়া গ্রামে এ ঘটনা ঘটে। খালেক ওই গ্রামের সদর উদ্দিনের ছেলে ও ধান, পাট, পিয়াজসহ বিভিন্ন কৃষিপণ্য কেনাবেচার ব্যবসা করতেন। স্বজনদের দাবি, কয়েক বছর ধরে ব্যবসায় লোকসান হচ্ছিল। চলতি বছর প্রায় ৫০ লাখ টাকা মূল্যের পিয়াজ পচে যাওয়ায় তিনি আরও বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েন। সব মিলিয়ে ব্যাংক, এনজিও ও স্বজনদের কাছে তার কয়েক কোটি টাকা ঋণ ও ধারদেনা ছিল।

পরিবার সূত্রে জানা যায়, সোমবার রাত একটার দিকে খালেক তার ছোট ভাই আব্দুল মালেককে মুঠোফোনে বলেন, আমার ছোয়ালডা থাকলো, তুই দেখিস। মালেক কোথায় আছেন জানতে চাইলে খালেক শফিউল্লাহর আমবাগানের কথা জানান। বিষয়টি শুনে মালেক, তাদের বাবা ও ভাবী দ্রুত সেখানে গিয়ে একটি আমগাছের ডালে রশিতে ঝুলন্ত অবস্থায় খালেককে দেখতে পান। খবর পেয়ে মঙ্গলবার সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। খালেকের স্ত্রী মালা খাতুন বলেন, সংসারে কোনো ঝগড়া-ঝামেলা ছিল না।

তবে অনেক টাকা দেনা ছিল এবং পিয়াজ পচে যাওয়ার বিষয়টি নিয়ে তিনি সবসময় দুশ্চিন্তায় থাকতেন। কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঋণের চাপে তিনি আত্মহত্যা করেছেন। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।