খুলবে সুন্দরবনের দুয়ার, অপেক্ষায় বনজীবী-পর্যটকরা

ফন্ট সাইজ:

জুন-জুলাই-আগস্ট দীর্ঘ তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আগামী ১লা সেপ্টেম্বর থেকে খুলে দেয়া হচ্ছে সুন্দরবনের দুয়ার। আর মাত্র ৪ দিন পর সুন্দরবনে প্রবেশ করে মাছ ও কাঁকড়া আহরণের সুযোগ পাবেন উপকূলীয় এলাকার জেলে ও বাওয়ালিরা। একইসঙ্গে পর্যটকদের জন্যও খুলে দেয়া হবে সুন্দরবন। ফলে দীর্ঘদিন কর্মহীন থাকা বনজীবী ও ভ্রমণপিপাসু পর্যটকদের মধ্যে ফিরছে স্বস্তি। তবে নিষেধাজ্ঞার সময় উপকূলের বহু পরিবারকে ঋণ করে কিংবা বিকল্প পেশায় যুক্ত হয়ে সংসারের খরচ চালাতে হয়েছে। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সোরা এলাকার বাসিন্দা জিন্নাত গাজী বলেন, সুন্দরবন বন্ধ থাকায় সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।

বাধ্য হয়ে এনজিও থেকে ঋণ নিয়ে চলতে হয়েছে। এখন সুন্দরবন খুলবে, এটাই বড় আশার বিষয়। এদিকে সুন্দরবন খোলার প্রস্তুতি শুরু করেছে বন বিভাগ। জেলে-বাওয়ালিদের নিরাপদে প্রবেশ, অনুমতিপত্র প্রদান এবং সুন্দরবনের জীববৈচিত্র্য ও বনজ সম্পদ রক্ষায় প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানানো হয়েছে। গবেষক শাহীন ইসলাম বলেন, সুন্দরবন খুলে দেয়ার পর জেলে-বাওয়ালিদের বৈধভাবে বনে প্রবেশ নিশ্চিত করার পাশাপাশি বনদস্যুদের তৎপরতা কঠোরভাবে দমন করতে হবে। একইসঙ্গে বিষ দিয়ে মাছ ধরা, ক্ষতিকর জাল ব্যবহার ও বন্যপ্রাণী শিকার বন্ধে নজরদারি বাড়ানোর দাবি জানানো হয়েছে।