দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৭৭ জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৯১ জন শিশু হামে আক্রান্ত হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে অসুস্থ হয়েছে ৯৮৬ জন। এ সময়ে ৮৯০ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে এবং একই সংখ্যক রোগী চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে ৮৪৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৯ শিশু। সব মিলিয়ে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৪৩।
এ ছাড়া ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫১ হাজার ৬৩৮। এই সময়ে মোট ১ লাখ ৩২ হাজার ৫৫৪ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ২৭ হাজার ৮১১ জন।
