৯৯৯ সেবায় বিলম্ব ও ‘জিরো এফআইআর’ ব্যবস্থা নিয়ে হাইকোর্টের রুল

৯৯৯ সেবায় বিলম্ব ও ‘জিরো এফআইআর’ ব্যবস্থা নিয়ে হাইকোর্টের রুল

ফন্ট সাইজ:

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর কার্যক্রমে বিলম্ব, বারবার কল অন্যত্র রিডাইরেক্ট করা এবং দ্রুততম সময়ে পুলিশি সহায়তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থতার অভিযোগে রুল জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রিটের প্রাথমিক শুনানি শেষে সংশ্লিষ্টদের প্রতি এ রুল জারি করেন।

সুপ্রিম কোর্টের আইনজীবী সায়কা কবির জিতি জনস্বার্থে দায়ের করা এ রিটে ‘পিটিশনার ইন পারসন’ হিসেবে নিজেই শুনানি করেন। রুলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর কার্যক্রমে বিলম্ব, বারবার কল অন্যত্র রিডাইরেক্ট করা, কার্যকর জিপিএস-ভিত্তিক লোকেশন ও কলার শনাক্তকরণ ব্যবস্থা বজায় রাখতে ব্যর্থতা এবং নিকটতম পুলিশ ফোর্স, টহল দল বা ইউনিট দ্রুত মোতায়েনে ব্যর্থতার বিষয়টি কেন বেআইনি ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

একইসঙ্গে কার্যকর ‘জিরো এফআইআর’ ব্যবস্থা প্রণয়ন, বাস্তবায়ন ও বজায় রাখতে ব্যর্থতার কারণে নাগরিকদের সময়মতো পুলিশি সুরক্ষা ও আইনের আশ্রয় পাওয়ার অধিকার ক্ষুণ্ন হয়েছে কি না এবং তা সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদের পরিপন্থি কি না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে।

রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পরিচালক/অফিসার ইনচার্জ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে। রুলের জবাব দিতে সংশ্লিষ্টদের দুই সপ্তাহ সময় দেয়া হয়েছে।