উজবেকিস্তানে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্ব খেলতে দেশ ছাড়ার ঠিক আগমুহূর্তে বড় ধাক্কা খেলো বাংলাদেশ দল। টিম হোটেলে সহকারী কোচ আতিকুর রহমান মিশুর সঙ্গে হাতাহাতি ও ৯৯৯-এ ফোন করে পুলিশ ডাকার ঘটনার পর ইংলিশ কোচ জেরার্ড জোন্সকে প্রধান কোচের পদ থেকে বরখাস্ত করেছে বাফুফে।
সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে জোন্স দাবি করেন, কর্মক্ষেত্রে তিনি শারীরিক হামলার শিকার হয়েছেন এবং বাফুফে থেকে কোনো সহায়তা পাননি। ফেসবুক বার্তায় তিনি বলেন, ‘আমার পুরো ক্যারিয়ারে কখনোই কাজের জায়গায় শারীরিক আক্রমণের শিকার হতে হয়নি বা সুরক্ষার জন্য পুলিশ বা বৃটিশ দূতাবাসের সহায়তা নিতে হয়নি।’
যদিও গোলকিপিং কোচের সঙ্গে কোনো বিরোধ নেই বলে দাবি করেন এই বৃটিশ কোচ। গত জুনে দুই বছরের চুক্তিতে দায়িত্ব নেয়া জোন্সের এমন বিদায়ের পর আগামী ৩১ আগস্ট শুরু হওয়া টুর্নামেন্টের আগে দলের প্রস্তুতি ও মনোবলে বড় ধরনের সংকট তৈরি হলো। আগামীকাল দলের উজবেকিস্তান যাওয়ার কথা রয়েছে।
