কানাডার অটোমোবাইলে ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

কানাডার অটোমোবাইলে ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

ফন্ট সাইজ:

কানাডা থেকে আমদানি করা সব ধরনের গাড়ি, ট্রাক ও অটোমোবাইল যন্ত্রাংশের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য আলোচনা ভেস্তে যাওয়ার পর তিনি এই কঠোর হুঁশিয়ারি দেন। আগামী ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে এই বর্ধিত শুল্ক কার্যকর করার পরিকল্পনা রয়েছে। এ খবর দিয়েছে রয়টার্স। এর আগে প্রস্তাবিত বাণিজ্য চুক্তিতে কানাডার গাড়ি ও হালকা ট্রাকের শুল্ক ২৫ ভাগ থেকে কমিয়ে ১৫ ভাগে এবং স্টিল ও অ্যালুমিনিয়ামের শুল্ক ৫০ ভাগ থেকে ২৫ ভাগে নামিয়ে আনার কথা ছিল। কিন্তু মাঝারি ও ভারী ট্রাকের শুল্ক সুবিধাসহ বেশ কিছু ইস্যুতে মতবিরোধ দেখা দেওয়ায় গত শুক্রবার আলোচনা ভেস্তে যায়। সামাজিক মাধ্যমে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রে কারখানা বানালে কোনো শুল্ক দিতে হবে না তবে কানাডাকে আর বিশেষ সুবিধা দেওয়া হবে না।

এদিকে ট্রাম্পের এই হুমকির পরপরই পুঁজিবাজারে ফোর্ড, স্টেলান্টিস ও জেনারেল মোটরসের মতো শীর্ষ গাড়ি নির্মাতা কোম্পানিগুলোর শেয়ারের বড় দরপতন হয়েছে। শিল্প সংশ্লিষ্টরা সতর্ক করে বলেছেন, উত্তর আমেরিকার সমন্বিত অটো সাপ্লাই চেইনে কানাডিয়ান পার্টসের ওপর শুল্ক বসালে মার্কিন কারখানাতেই গাড়ি উৎপাদন ব্যাহত হবে। অন্যদিকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন, দেশের সার্বভৌমত্ব ও শিল্পের মর্যাদা বজায় থাকলেই কেবল ফের আলোচনায় বসা সম্ভব। পাল্টা পদক্ষেপ হিসেবে আগামী ৮ সেপ্টেম্বর থেকে নির্দিষ্ট কিছু মার্কিন পণ্যে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে অটোয়া।