স্বাস্থ্য সংস্থার ভুল রিপোর্টে চাঞ্চল্য

ম্যারাডোনার মৃত্যুর বিচার প্রক্রিয়া

স্বাস্থ্য সংস্থার ভুল রিপোর্টে চাঞ্চল্য

ফন্ট সাইজ:

আর্জেন্টিনা তথা ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মৃত্যুর তদন্তকে কেন্দ্র করে এক অভাবনীয় ও চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। ম্যারাডোনার মৃত্যুর তদন্তকারী মেডিকেল কমিশনকে দেয়া কিছু পরীক্ষা ভুলবশত তার নিজের নয়, বরং তার প্রয়াত বাবা দিয়েগো সালুসতিয়ানো ম্যারাডোনার নামে ফাইল করা হয়েছিল বলে স্বীকার করেছে সুইস মেডিকেল নামক স্বাস্থ্য সংস্থা। সোমবার বার্তা সংস্থা এএফপির হাতে আসা একটি চিঠিতে এই তথ্য নিশ্চিত করেছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি।

ফুটবল ঈশ্বর খ্যাত ম্যারাডোনার মৃত্যুর ঘটনায় অভিযুক্ত সাত স্বাস্থ্যকর্মীর এক আইনজীবীর নজরে এই মারাত্মক ভুলটি প্রথম ধরা পড়ে। ২০২০ সালের নভেম্বর মাসে ৬০ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ম্যারাডোনা। অন্যদিকে, তার বাবা মারা যান ২০১৫ সালে।

ম্যারাডোনার মৃত্যুর কারণ হিসেবে হৃদরোগ ও পালমোনারি ইডিমার (ফুসফুসে তরল জমে যাওয়া) কথা বলা হয়েছিল। তবে সাম্প্রতিক বিচার প্রক্রিয়ায় তার কিডনির স্বাস্থ্য বিশেষ গুরুত্ব পেয়েছে। একজন নেফ্রোলোজিস্ট আদালতে সাক্ষ্য দেয়ার সময় ম্যারাডোনার চিকিৎসকদের কিডনির প্রতি আরও সতর্ক হওয়ার কথা বলেন। তবে পরবর্তীতে জানা যায়, তিনি মূলত ভুল টেস্ট রিপোর্টের ওপর ভিত্তি করেই নিজের বিশ্লেষণ পেশ করেছিলেন।

এই চাঞ্চল্যকর ভুলের কারণে আদালতের বিচারকাজ এক সপ্তাহ স্থগিত রাখা হয়। বিচার চলাকালীন এমন ভুলের ঘটনা আদালতের কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। উল্লেখ্য, গত বছর বিচারকদের স্বার্থের সংঘাতের কারণে প্রথম দফার বিচার ভেস্তে যায়। পরে চলতি বছরের এপ্রিল মাস থেকে এই দ্বিতীয় দফার বিচারকাজ শুরু হয়। আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত এটি চলার কথা রয়েছে।